চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে সম্ভাবনা তৈরিতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের কোনিয়া। খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি ও পর্যটনসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে দুই দেশের নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে চেম্বারের প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সঙ্গে তুরস্কের কোনিয়ার বাংলাদেশি অনারারি কনসাল দেনিজ বুলকুর সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে আবিদা মোস্তফা অনারারি কনসালকে স্বাগত জানিয়ে বলেন, দুই দেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। অভিজ্ঞতা বিনিময়, দক্ষতা উন্নয়ন ও ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে নারী উদ্যোক্তারা উপকৃত হতে পারেন।
অনারারি কনসাল দেনিজ বুলকুর চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের সঙ্গে কোনিয়ার উদ্যোক্তাদের যৌথভাবে কার্যক্রম পরিচালনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি ও পর্যটনসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। পাশাপাশি চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে বিভিন্ন বিষয়ে উন্নত প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রেও সহযোগিতা করা যেতে পারে।
অনুষ্ঠানের শুরুতে চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট আবিদা মোস্তফা ফুল ও ক্রেস্ট দিয়ে অতিথিকে বরণ করে নেন। এ সময় চেম্বারের পরিচালক নুজহাত নুয়েরি কৃষ্টি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে চেম্বারের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ, ভাইস প্রেসিডেন্ট শামীম মোর্শেদ ও নিশাত ইমরান, পরিচালক রোকসানা আক্তার চৌধুরী (রুহি মোস্তফা) এবং চৌধুরী জুবাইরা সাকী।
এদিকে, সফরকালে দেনিজ বুলকুর চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এবং এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত পাঁচ দিনব্যাপী বিজনেস প্ল্যান প্রিপারেশন প্রশিক্ষণ কার্যক্রমও পরিদর্শন করেন।













