২৭ নভেম্বর ২০২৬

সেতু নেই, সাঁকোও ভাঙাচোরা- নৌকায় খাল পেরিয়ে বৃদ্ধের দাফন

জীবদ্দশায় যাতায়াতের দুর্ভোগ, মৃত্যুর পরও শেষ বিদায়ে ভোগান্তি। জরাজীর্ণ বাঁশের সাঁকো দিয়ে খাটিয়াসহ মরদেহ পার করা সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত নৌকায় করে খাল পেরিয়ে দাফন করতে হলো ৬৫ বছর বয়সী বৃদ্ধ জাগের আহমদকে। হৃদয়বিদারক এ ঘটনা আবারও সামনে এনেছে সেতুর অভাবে বছরের পর বছর দুর্ভোগ পোহানো মানুষের বাস্তব চিত্র।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা গ্রামের সাপমারা খালে এ ঘটনা ঘটে। খালের ওপর পাকা সেতু না থাকায় স্বজনরা নৌকায় করে মরদেহ পার করে ওপারে পারিবারিক কবরস্থানে নিয়ে যান। পরে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরেঙ্গা গ্রামের বাসিন্দা জাগের আহমদ বার্ধক্যজনিত কারণে মারা যান। তাঁর মরদেহ খাটিয়ায় করে খালের ওপারে পারিবারিক কবরস্থানে নেওয়ার উদ্যোগ নেন স্বজনরা। কিন্তু খালের ওপর পাকা সেতু না থাকায় এবং একমাত্র বাঁশের সাঁকোটি অত্যন্ত নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ হওয়ায় খাটিয়াসহ মরদেহ পার করা সম্ভব হয়নি। পরে নিরুপায় হয়ে নৌকায় করে খাল পার হন স্বজনরা। ওপারে কাদামাটির পথ পেরিয়ে কবরস্থানে নিয়ে দাফন করা হয় মরদেহ।

এলাকাবাসীর অভিযোগ, সাপমারা খালের ওপর সেতু না থাকায় রায়পুর ও জুঁইদন্ডী ইউনিয়নের অন্তত ছয়টি গ্রামের প্রায় অর্ধলাখ মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে বাঁশের সাঁকো পার হন। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও বেড়ে যায়।

কোনো রোগীকে জরুরি ভিত্তিতে উপজেলা কিংবা চট্টগ্রাম নগরীর হাসপাতালে নিতে হলে চরম ভোগান্তিতে পড়তে হয় স্বজনদের। যোগাযোগব্যবস্থা নাজুক হওয়ায় এলাকার মৎস্য খাতেও নেতিবাচক প্রভাব পড়ছে। মাছ পরিবহন ও ব্যবসা-বাণিজ্য ব্যাহত হওয়ায় থমকে আছে এলাকার আর্থসামাজিক উন্নয়ন।

সরেঙ্গা গ্রামের বাসিন্দা আহমদ মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, সাঁকোটি এতটাই নড়বড়ে যে খাটিয়া নিয়ে পার হওয়া যায় না। বাধ্য হয়ে মুরব্বির মরদেহ নৌকায় পার করতে হয়েছে। সেতুর দাবিতে অতীতে যারা আন্দোলন-সংগ্রাম করেছেন, তাঁদের অনেকেই আজ বেঁচে নেই। তবুও মানুষের প্রাণের দাবি পূরণ হয়নি।

রায়পুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর আলম জানান, কয়েক যুগের পুরোনো এই সাঁকোর জায়গায় সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে বহুবার যোগাযোগ করা হয়েছে। কিন্তু কাজ হয়নি। সেতুর অভাবে নৌকায় করে মরদেহ পারাপারের মতো মর্মান্তিক দৃশ্য এখানে প্রায়ই দেখতে হয়।

দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে সম্প্রতি সাপমারা খালের ওপর সেতু নির্মাণের অনুমোদন পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর সুপারিশে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে।

রায়পুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ইসমাইল বিন মনির বলেন, অতীতে বারবার আশ্বাস দিয়েও কাজ না হওয়ায় মানুষ এখন আর কোনো কথায় বিশ্বাস রাখতে চায় না। তবে সেতুটির অনুমোদন হওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রী ও নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। দ্রুত দৃশ্যমান কাজ শুরু হলেই এলাকাবাসীর দীর্ঘদিনের দুঃখ-কষ্ট মুছে যাবে।

আনোয়ারা উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. রাকিব হোসাইন জানান, সেতু নির্মাণের অনুমোদন ইতিমধ্যে পাস হয়েছে। যাচাই-বাছাইয়ের জন্য মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়া গেছে। সরেজমিনে সেতুর পরিমাপ ও অবস্থান নির্ধারণ করে দ্রুত মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে। এরপর শিগগিরই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এলাকাবাসীর দাবি, সেতুর অনুমোদন যেন কাগজপত্রেই সীমাবদ্ধ না থাকে। দ্রুত টেন্ডার প্রক্রিয়া শেষ করে নির্মাণকাজ শুরু করা হোক, যাতে আর কোনো মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পার হতে না হয় কিংবা মৃত্যুর পর প্রিয়জনের মরদেহ নিয়ে নৌকায় খাল পাড়ি দিতে না হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ