২৭ নভেম্বর ২০২৬

রোববার মৌন মিছিলে নামছেন শিক্ষকরা

চুয়েট সঙ্কট নিরসনের দাবি, এবার ঘোষণা দিয়ে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে টানা দুই মাসের প্রশাসনিক অচলাবস্থার মধ্যে এবার চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দীর্ঘদিন ক্যাম্পাসকেন্দ্রিক নানা কর্মসূচি পালন করলেও শুক্রবার প্রথমবারের মতো সড়কে নামেন তাঁরা। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট ও জনদুর্ভোগ। অন্যদিকে, জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচির বিরোধিতা করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে রবিবার মৌন মিছিলের ঘোষণা দিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। সড়ক অবরোধের বিরোধিতা করেছে চুয়েট ছাত্রদলও।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে অবস্থান নেন। এতে পশ্চিমে পাহাড়তলী চৌমুহনী বাজার থেকে পূর্বে চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, কর্মজীবী, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষ।

এর আগে বৃহস্পতিবার রাতে শুক্রবার জুমার পর অর্ধবেলা সড়ক অবরোধের ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। তবে সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে শিক্ষকদের আবাসিক এলাকা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। যদিও অবরোধের প্রভাবে রাত ৮টা পর্যন্ত পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় যানজটের রেশ ছিল।

আন্দোলনরত নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আবির বলেন, তাঁদের আন্দোলনকে সরকারবিরোধী হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, অথচ প্রায় ৭০ দিন ধরে তাঁরা আন্দোলন করছেন। তাঁরা বর্তমান উপাচার্যকে মানেন না। তাঁর অভিযোগ, উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করেছেন খুনি ফ্যাসিস্টের দোসর ও নিষিদ্ধ ছাত্রলীগকে সঙ্গে নিয়ে। সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান তিনি।

আবির আরও বলেন, জুলাইয়ের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ রাখতে তাঁরা এতদিন সড়ক অবরোধ কিংবা অস্থিতিশীল কোনো কর্মসূচি গ্রহণ করেননি। সরকারের বিরুদ্ধে কোনো কর্মসূচিও দেননি। তবে কোনো হুমকির মুখে আন্দোলন বন্ধ করবেন না বলে জানান তিনি। তাঁর মতে, সংকট সমাধানে অধ্যাপক শরীফুল আলমকে উপাচার্যের পদ থেকে সরিয়ে অন্য কাউকে নিয়োগ দিতে হবে।

বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাকিবুর রাজ্জাক প্রান্ত বলেন, তাঁরা এখনো পূর্ণ শক্তি নিয়ে আন্দোলনে নামেননি। সরকারের উচ্চপর্যায়ে বারবার জবাব চেয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে গেছেন। ২৪-পরবর্তী সময়ে যৌক্তিক আন্দোলনকে এভাবে দেখা হবে, তা তাঁরা ভাবেননি। দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করে ক্ষমতায় আসা সরকারকে শিক্ষার্থীদের আন্দোলনের গুরুত্ব অনুধাবনের আহ্বান জানান তিনি।

অভ্যন্তরীণ উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষকদের মৌন মিছিল
এদিকে, শুক্রবার সকালে চুয়েট শিক্ষক সমিতির জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে একজন উপযুক্ত প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য নিয়োগের দাবি জানানো হয়। সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ দাবিতে আগামীকাল রবিবার সকাল ১১টায় প্রশাসনিক ভবন-২-এর সামনে থেকে মৌন মিছিল বের করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপযুক্ত উপাচার্য নিয়োগ প্রয়োজন। তবে জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচিতে শিক্ষক সমিতির সমর্থন নেই বলেও স্পষ্ট করা হয়।

সড়ক অবরোধের বিরোধিতায় ছাত্রদল
চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধের বিরোধিতা করেছে চুয়েট ছাত্রদল। সংগঠনটির সভাপতি ওয়াসিফ রাশেদ বলেন, সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষ, কর্মজীবী, শিক্ষার্থী, রোগী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী ব্যক্তিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রশাসনিক বিষয় নিয়ে জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে দেওয়া কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, উপাচার্য পরিবর্তন কিংবা প্রশাসনিক সিদ্ধান্তের মতো বিষয় রাষ্ট্রের প্রচলিত আইন, বিধিবিধান ও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান হওয়া উচিত। চাপ সৃষ্টি কিংবা সড়ক অবরোধ করে প্রশাসনিক সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

ছাত্রদল সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করে এমন কর্মসূচির তীব্র বিরোধিতা করছে জানিয়ে তিনি বলেন, চুয়েটে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, প্রশাসনিক স্থিতিশীলতা ও সাধারণ মানুষের স্বার্থ নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে নয়; এটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান।

দুই মাস ধরে অচলাবস্থা, অনিশ্চয়তায় শিক্ষা কার্যক্রম
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়ার পর থেকেই চুয়েটে অচলাবস্থার সূত্রপাত। ২২ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন।

টানা ৩৬ দিন বন্ধ থাকার পর ২৮ অক্টোবর আংশিক একাডেমিক কার্যক্রম চালু হলেও সংকট কাটেনি। গত বৃহস্পতিবার থেকে সংকট নিরসন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আবারও সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

দীর্ঘ এই প্রাতিষ্ঠানিক স্থবিরতায় চুয়েটের শিক্ষা, গবেষণা, পরীক্ষা ও ভর্তি কার্যক্রম চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। ভয়াবহ সেশনজটের আশঙ্কায় দ্রুত স্থায়ী সমাধানের প্রত্যাশা করছেন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ