৩১ মার্চ ২০২৬

তামাক কোম্পানির কূটকৌশল প্রতিহত করতে স্মারকলিপি

বাংলাধারা প্রতিবেদন »

তামাকমুক্ত চট্টগ্রাম শহর বির্নিমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বিভিন্ন উন্নয়ন সংস্থার গৃহিত পদক্ষেপকে ব্যাহত করে ব্যবসা প্রসার করার লক্ষ্যে তামাক কোম্পানিগুলো বিভিন্ন ধরনের কূটকৌশল চালাচ্ছে অভিযোগ করে এসব কূটকৌশলকে প্রতিহত করতে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা বরাবর স্মারকলিপি দিয়েছে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নগরভবনে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে নেতৃবৃন্দ বলেন, তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গৃহিত উদ্যোগ ও পদক্ষেপ সর্বত্র প্রশংসিত হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২০১৪ সাল থেকে নিয়মিত তামাক নিয়ন্ত্রণে বাজেট বরাদ্দ রেখে আসছে। তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন প্রণয়ন, তামাকের বিজ্ঞাপন বন্ধে অভিযানসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। মাননীয় মেয়র আ জ ম নাছির উদ্দিন ঘোষণা দিয়েছেন যে, ২০৪০ সালের আগেই চট্টগ্রামকে তামাকমুক্ত করা হবে।

তামাকমুক্ত চট্টগ্রাম শহর গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ইপসার সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়া অতি সম্প্রতি মাননীয় মেয়র চট্টগ্রাম শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে তামাকজাত দ্রব্যের বিক্রয়, বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধে বিভিন্ন পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

এসব কর্মসূচির পরিপ্রেক্ষিতে বিভিন্ন তামাক কোম্পানি তাদের হীন স্বার্থ উদ্ধারে এবং তাদের ব্যবসা প্রসারে বিভিন্ন ধরনের কূটকৌশল পরিচালনা করছে অভিযোগ করে স্মারকলিপিতে বলা হয়, তামাক কোম্পানিগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তামাকমুক্ত চট্টগ্রাম শহর গড়ার মহতী উদ্যোগকে টার্গেট করে সহযোগীতার নামে বিভিন কূটকৌশল গ্রহণ করছে। যা সম্পূর্ণরুপে আইন বহির্ভূত কার্যক্রম।

WHO Framework Convention on Tobacco Control (FCTC) এর আর্টিকেল ৫.৩ এর নির্দেশনা অনুযায়ী, সরকারের সঙ্গে তামাক কোম্পানির স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সংঘাত বিদ্যমান বিধায় তামাক কোম্পানির কার্যক্রমে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করবে না।

তামাক কোম্পানি কর্তৃক আয়োজিত ‘সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি’ প্রমানের অপকৌশল ও অপচেষ্টাকে প্রতিহত করতে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীকে অনুরোধ জানানো হয় স্মারকলিপিতে।

এছাড়া তামাক কোম্পানির পৃষ্ঠপোষকতায় তামাক নিয়ন্ত্রণে উদ্যোগ গ্রহণ, স্বেচ্ছাসেবকদের আচরণবিধি প্রণয়ন, নীতিমালা তৈরি ও বাস্তবায়নে তামাক কোম্পানির সঙ্গে সবধরনের অংশীদারিত্বমূলক ও অপপ্রয়োগ বন্ধ করারও দাবি জানানো হয়।

প্রেস রিলিজ

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন