কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর বড়বিল গহীণ অরণ্যে উখিয়া অভিযান চালিয়ে ৪টি দেশীয় তৈরী অস্ত্র, গোলাবারুদসহ বিপুল পরিমাণ সামরিক বাহিনীর পোষাকের মতো কাপ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে এসব অস্ত্র ও পোষাক উদ্ধার করা হয় বলে জানান উখিয়া থানা পুলিশের ওসি আবুল মনসুর। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ওসি জানান, উপজেলার দুর্গম এলাকা হলদিয়া ইউনিয়নের বড়বিল গ্রামটি অনেকটা সন্ত্রাসীদের আস্তানা হিসেবে খ্যাত। বিশেষ করে এলাকাটি পার্বত্য অঞ্চলের নিকটবর্তী হওয়ায় পাহাড়ী সন্ত্রাসীদের বিচরণ ছিল এই গ্রামে। স্থানীয়দের গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল হলদিয়া উত্তর বড়বিল এলাকায় অভিযানে যায়। পাহাড়ী অঞ্চলের বাঁশঝাড়ের ভিতরে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ৪ দেশীয় তৈরী অস্ত্র, কার্তুজ রাইফেল ৪টি, দেশীয় অস্ত্রের কার্তুজ ২টি, আনসার পোষাক ৩ সেট, সামরিক বাহিনীর পোষাকের ন্যায় ২সেট, আনসার ক্যাপ ৪টি, বেল্ট ১জোড়া, পিটি শু-১জোড়া, ৩জোড়া মুজা উদ্ধার করতে সক্ষম হন।
ওসি আবুল মনসুর আরো জানান, এ ঘটনায় পুলিশ সর্বোচ্চ জোর দিয়ে সন্ত্রাসীদের আটকের চেষ্ঠা চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে উত্তর বড়বিল এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গত কয়েক মাস ধরে কিছু অপরিচিত লোকজন রাতের আধারে এই এলাকার পাহাড়ী জনপদে এবং পাশ্ববর্তী পার্বত্য অঞ্চলে যাওয়া-আসা করে আসছিল। এসব অস্ত্র, গোলা বারুদ এবং পোষাক তাদের হতে পারে।
বাংলাধারা/এফএস/এমআর












