বাংলাধারা প্রতিবেদন »
নগরীর বন্দর থানাধীন দক্ষিণ-মধ্যম হালিশহরে একটি ফ্ল্যাট বাসা থেকে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ অক্টোবর) রাতে কুড়িপুকুর পাড় এলাকার খান টাওয়ারের নিচতলা থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত রেবেকা সুলতানা পলি (১৩) খাগড়াছড়ির বাসিন্দা প্রবাসী ফিরোজ খানের মেয়ে। সে নগরীর সিটি কর্পোরেশন স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। নিহতের মা সিইপিজেডে একটি পোশাক কারখানায় কর্মরত আছেন। কাজের সূত্রে তিনি দক্ষিণ-মধ্যম হালিশহরে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করে আসছিলেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, পরিবারের কাছ থেকে খবর পেয়ে গতকাল রাতে ঘটনাস্থলে গিয়ে ওই স্কুলছাত্রীকে ওড়না প্যাঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই এবং তার মরদেহ উদ্ধার করি। আমরা প্রাথমিকভাবে দেখে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে বলে জানিয়েছেন পুলিশ।
বাংলাধারা/এফএস/এমআর/এএ












