২১ মার্চ ২০২৬

প্রেমিকের বাড়িতে ৪৮ ঘন্টা অনশন, অতঃপর বিয়ে

কক্সবাজার প্রতিনিধি »

বিয়ের দাবিতে ৪৮ ঘন্টা অনশনের পর অবশেষে জয়ী হয়েছেন কলেজ শিক্ষার্থী প্রেমিকা। কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়ায় প্রেমিকের বাড়িতে মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে এ বিয়ে সম্পন্ন হয়।

প্রেমিকা জুলেখা বেগম পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ভেলুয়ার পাড়া এলাকার আমিন শরীফের মেয়ে ও চকরিয়া কলেজের বিএ পড়ুয়া শিক্ষার্থী। প্রেমিক মুহাম্মদ কাইয়ুম একই উপজেলার উজানটিয়া ইউনিয়নের সুতাচুরা এলাকার নবী হোসেনের ছেলে ও চট্টগ্রাম সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষার্থী। ৬ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে নবী হোসেনের বাড়িতে।

স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, দীর্ঘ প্রেমের সম্পর্কের পরও অন্য এক মেয়ের সাথে বিয়ের পিড়িতে বসছেন কাইয়ূম এমন খবরে ২০ অক্টোবর বিকেল ৪টার দিকে জুলেখা একা এসে নবী হোসেনের বাড়িতে অবস্থান নেয়। এসময় তিনি এলাকাবাসী ও পরিবারের লোকজনকে জানান, প্রবাসী নবী হোসেনের ছেলে মোহাম্মদ কাইয়ুম ওরফে হেফাজের (২৫) সাথে তার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। তাকে বিয়ের আশ্বাস দিলেও কাইয়ুম অন্যত্র বিয়ের কাজ সম্পন্ন হচ্ছে শুনে তিনি নিজেই চলে এসেছেন। মঙ্গলবার দুই পরিবারের লোকজনের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

এ বিষয়ে প্রেমিক উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাইয়ূম বলেন, জুলেখা বেগমের (২০) সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে দীর্ঘ ৩ বছর আগে। তাকেও আমি মন থেকে ভালবাসি কিন্তু তার মনে সন্দেহ তৈরি হওয়ায় আমাকে না জানিয়ে সে নিজ থেকেই আমার বাড়িতে চলে আসে। তখন আমি মাস্টার্স পরীক্ষা দেয়ার জন্য চট্টগ্রামে ছিলাম। পরিবারের লোকজন কথা বলে বিয়েটি সম্পন্ন করেছে।

প্রেমিকার পিতার বাড়ি টইটং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এমইউপি আবুল কাশেম বলেন, আমিন শরীফের মেয়ে জুলেখা উজানটিয়া ইউনিয়নে তার প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়ার বিষয়টি সেখানকার এমইউপি হাবিবুর রহমান আমাকে জানানোর পর উভয়পক্ষ কথা বলে একটি সমাধান করেছি।

এদিকে, অকস্মাৎ প্রেমিকার অনশন ও বিয়ের খবর এলাকায় প্রচার হলে উৎসুখ জনতা নবী হোসেনের বাড়িতে ভীড় জমাচ্ছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন