বাংলাধারা ডেস্ক »
ঢাকা, ২৮ অক্টোবর – রাজধানীর গুলশান থানায় অস্ত্র আইনে করা মামলায় জি কে শামীমসহ তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে যে চার্জশিট দিয়েছে র্যাব তা বিচারের জন্য বদলির আদেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী মামলার চার্জশিটটি দেখিলাম বলে স্বাক্ষর করেন।এরপর মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন তিনি।
আদালতে সংশ্লিষ্ট জিআর শাখার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শেখ রকিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১ এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক এ চার্জশিট জমা দেন।
জি কে শামীমের সাত দেহরক্ষী হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।
গত ২০ সেপ্টেম্বর গুলশানের নিজ কার্যালয়ে সাত দেহরক্ষীসহ গ্রেফতার হন জি কে শামীম। পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থপাচার আইনে তিনটি মামলা করা হয়। মামলার এজাহারে শামীমকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ মাদক ও জুয়ার ব্যবসায়ী বলে উল্লেখ করা হয়।
গ্রেফতারের পরদিন ২১ সেপ্টেম্বর অস্ত্র ও মাদক মামলায় পাঁচদিন করে শামীমের মোট ১০ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে অস্ত্র আইনের মামলায় তার সাত দেহরক্ষীর চারদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।
২৭ সেপ্টেম্বর অস্ত্র মামলায় রিমান্ড শেষে জি কে শামীমকে মাদক আইনের মামলায় পাঁচদিনের রিমান্ডে নেয়া হয়। তার বিরুদ্ধে করা মামলা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তদন্ত শুরু করে।
সূত্র : জাগো নিউজ
বাংলাধারা/এফএস/এএ













