২১ মার্চ ২০২৬

নগরীতে সেরা করদাতার সম্মাননা পেলেন ৩৮ জন

বাংলাধারা প্রতিবেদন »

নগরীতে বিভিন্ন পর্যায়ে সেরা ৩৮ জন করদাতাকে সম্মাননা দেয়া হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) নগরীর জিইসি কনভেনশন সেন্টারে সেরা করদাতাদের হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশে জিডিপির আকার চারগুণ বৃদ্ধি পেয়েছে। সেখানে করদাতার সংখ্যা মাত্র দ্বিগুণ বেড়েছে।

বাংলাদেশে এক কোটি মানুষ কর দিতে সক্ষম মন্তব্য করে তিনি বলেন, “আমরা সবসময়ই অবকাঠামোসহ বিভিন্ন পর্যায়ে উন্নয়ন চাই। কিন্তু কর না দিলে উন্নয়ন হবে কিভাবে? কর দিতে উৎসাহিত করতে এনবিআর সেরা করদাতাদের সম্মানিত করছে।”

তথ্যমন্ত্রী করপ্রদানকে উৎসাহিত করার জন্য জেলা থেকে উপজেলা পর্যায়ে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে দীর্ঘ মেয়াদে করদাতা, এক বছরে সর্বোচ্চ কর প্রদানকারী, সর্বোচ্চ কর প্রদানকারী নারী এবং ৪০ বছরের কম তরুণ করদাতা ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়।

চট্টগ্রাম সিটি করপেরেশন এলাকায় সর্বোচ্চ করদাতার সম্মান পেয়েছেন তিনভাই সদরউদ্দিন খান, আবু মোহাম্মদ জিয়াউদ্দিন খান ও সালাহউদ্দিন কাসেম খান। সর্বোচ্চ কর প্রদানকারী নারী হিসেবে সম্মাননা পেয়েছেন ওই পরিবারেরই সদস্য শামিম হাসান।

নগরীতে দীর্ঘ মেয়াদে করদাতার সম্মাননা পেয়েছেন এ বিএম এ বাসেত ও আমজাদুল ফেরদৌস চৌধুরী। তরুণ করদাতা হিসেবে পেয়েছেন মো. শাহাদাত হোসাইন।

জেলায় সর্বোচ্চ করদাতা পর্যায়ে যথাক্রমে মো. লোকমান, মোহাম্মদ সেলিম ও শেখ নবী, মহিলা হিসেবে জান্নাতুল মাওয়া, তরুণ পুরুষ করদাতা হিসেবে জাহেদ চৌধুরী এবং দীর্ঘমেয়াদে মো. হাজী মুছা ও কামাল উল্লাহ সম্মাননা পেয়েছেন।

রাঙামাটি জেলায় সর্বোচ্চ করদাতা হিসেবে লোকমান হোসেন, রফিকুল আলম ও বদিউল আলম, নারী করদাতা চিত্রা চাকমা, তরুণ করদাতা তোফাজ্জল হোসেন এবং দীর্ঘমেয়াদে আসাদুজ্জামান মহসিন সম্মাননা পেয়েছেন।

সর্বোচ্চ করদাতা হিসেবে বান্দরবান জেলার মোহাম্মদ নুরুল আবছার, আবদুস শুক্কুর ও অমল কান্তি দাশ এবং নারী হিসেবে মে হ্লা প্রুকে সম্মাননা দেওয়া হয়েছে।

খাগড়াছড়ি জেলায় সর্বোচ্চ করদাতা হিসেবে স্বপন চন্দ্র দেবনাথ, মো. নুর আলম ও মোসাম্মৎ পরিদা আক্তার, নারী করদাতা সুপর্ণা পাল, তরুণ করদাতা শওকত বাহার এবং দীর্ঘমেয়াদে করদাতা হিসেবে শহীদুল ইসলাম ভুইয়া ও মো. শানে আলমকে সম্মাননা দেওয়া হয়।

এছাড়া সর্বোচ্চ করদাতা হিসেবে কক্সবাজার জেলায় আতিকুল ইসলাম, মোহাম্মদ আবু কাউসার ও মোহা. আলমগীর, নারী করদাতা কামরুন নাহার, তরুণ করদাতা সাজ্জাদুল করিম এবং দীর্ঘমেয়াদে হাবিবুল ইসলাম এবং রফিকুল হুদা চৌধুরী সম্মাননা পেয়েছেন।

কর কমিশনার আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাটের কমিশনার মোহাম্মদ এনামুল হক, কর আপিলাত ট্রাইব্যুনালের কমিশনার আবু দাউদ, কর আপিল অঞ্চলের কমিশনার হেলাল উদ্দিন সরকার প্রমুখ।

বাংলাধারা/এফএস/টিএম

 

আরও পড়ুন