২১ মার্চ ২০২৬

চবিতে ‘ক্যারিয়ার ফিয়েস্তা’ ১৯ ও ২১ নভেম্বর

চবি প্রতিনিধি »

শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্বন্ধে সচেতন করার উদ্দেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফাইন্যান্স বিভাগের বিদায়ী ২১তম ব্যাচের এমবিএ ফেস্টিভ্যাল ও বিদায় অনুষ্ঠানের অংশ হিসেবেই ভিন্ন আঙ্গিকে বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার ফিয়েস্তা-২০১৯’।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন করাই এই আয়োজনের মূল লক্ষ্য। যেখানে দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিরা তাদের অভিজ্ঞতার গল্প শোনাবেন। আগামী ১৯ এবং ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বিবিএ অডিটোরিয়ামে এই ফিয়েস্তা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বুধবার (১৩ নভেম্বর) বেলা ১২টার দিকে চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অনুষ্ঠানটির আয়োজকরা।

এতে পুরো আয়োজনের বিস্তারিত তুলে ধরেন ফিয়েস্তার কনভেনর ও ফাইন্যান্স বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী শরীফুল ইসলাম ফরহাদ। এসময় আরও উপস্থিত ছিলেন কো-কনভেনর মুশফিকা রেজা তিথি ও ফাইন্যান্স এমবিএ ফেস্টিভ্যালের কনভেনর চিরঞ্জিত সাহা সজীব।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, আগামী ১৯ নভেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এতে সভাপতিত্ব করবেন ইসলামী ব্যাংকের ইন্ডিপেনডেন্ট পরিচালক অধ্যাপক ড. সালেহ জহুর।

দিনব্যাপি আয়োজনে থাকছে ক্যারিয়ার সেমিনার, জব ফেয়ার ও কুইজ কম্পিটিশন। এই ক্যারিয়ার ফিয়েস্তায় ৩টি অংশ থাকবে, ক্যারিয়ার সম্পর্কিত সেমিনার, জব ফেয়ার এবং কুইজ কম্পিটিশন। ক্যারিয়ার সেমিনারে সাত জন সফল ব্যক্তিত্ব সেমিনার বক্তা হিসেবে উপস্থিত থাকবেন । যারা ছয়টি নির্ধারিত বিষয়ে তাদের অভিজ্ঞতার আলোকে গল্প শোনাবেন।

এতে নেটওয়ার্কিং ও কমিউনিকেশন বিষয়ে আলোচনা করবেন বিএসআরএম হেড অফ কর্পোরেট এফেয়ার্স শোভন মাহবুব শাহাবুদ্দিন, লিডারশিপের ওপর ইগলু ফুড এন্ড ডেইরী ফার্মস জি.এম কামরুল হাসান, মাই লাইফ এন্ড মাই ক্যারিয়ার বিষয়ে গ্লাসগো স্মিথকেলাইন এর চেয়ারম্যান মাসুদ খান, ক্যারিয়ার ইন ইন্টারন্যাশনাল এন্ড রিসার্চ অর্গানাইজেশন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভোলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং এন্ট্রাপ্রেনরশিপ নিয়ে বক্তব্য রাখবেন তরুণ দুই উদ্যোক্তা বারকোড গ্রুপের চেয়ারম্যান মনজুরুল হক ও আর.জে.এম ফুট ওয়ারের ব্যবস্থাপনা পরিচালক জসিম আহমেদ।

এছাড়া জব ফেয়ারে থাকছে বিকাশ ও নাইট রাইডারস মোটরস নামে দুটি প্রতিষ্ঠান। যেখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় পদে নিয়োগের সুযোগ পাবে। পুরো আয়োজনে নলেজ পার্টনার হিসেবে থাকছে রবি ও বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার। সর্বোপরি ক্যারিয়ার ফিয়েস্তা ২০১৯ এর সেশনসমূহ থেকে অংশগ্রহণকারীরা প্রফেশনাল লাইফ সম্পর্কে যে ধারণা, দিক নির্দেশনা পাবেন তা একজন শিক্ষার্থীর ক্যারিয়ার প্লানিং এবং লক্ষ্যে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন