চবি প্রতিনিধি »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুক্কুর নামে এক দৃষ্টি প্রতিবন্ধীকে মারধরের প্রতিবাদ ও অভিযুক্ত ছাত্রলীগ কর্মী মোরশেদুল আলম রিফাতের শাস্তির দাবিতে তিন দফা নিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে চবি প্রতিবন্ধী ছাত্রসমাজ (ডিসকু)। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একদিনের মধ্যে শাস্তির ব্যবস্থা নেয়ার আশ্বাসে পেয়ে অবস্থান কর্মসূচি উঠিয়ে নেয় তারা।
বুধবার (১৩নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের প্রাঙ্গনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আইন বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক হোসেন রাজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার দু’দিন পার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অভিযুক্তের বিরুদ্ধে দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়া হয়নি। অবিলম্বে রিফাতকে গ্রেপ্তার করে বিশ্ববিদ্যালয় থেকে তার ছাত্রত্ব বাতিল না করলে আমরা আন্দোলন চালিয়ে যাব।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, অভিযুক্তকে দেয়া কারণ দর্শানোর নোটিশের মেয়াদ আগামীকাল শেষ হবে। এর মধ্যে নোটিশের জবাব না পাওয়া গেলে আমরা তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেব।
উল্লেখ্য, গত রবিবার (১০নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের মোড়ে নুর আলম স্টোরের সামনে অন্ধ শিক্ষার্থী শুক্কুর আলমকে মারধর করেন শাখা ছাত্রলীগের উপ-গ্রুপ বিজয়ের কর্মী ও ম্যানেজমেন্ট বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী মোরশেদুল আলম রিফাত।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












