বাংলাধারা প্রতিবেদন »
নগরীর পাথরঘাটা ব্রিকস ফিল্ড এলাকায় এক বাড়িতে গ্যাস লাইন বিস্ফোরণ হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে পাথরঘাটা ব্রিকফিল্ড এলাকায় জনতা ফার্মেসির পাশে বাদশা মিয়া ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দুটি ভবনের দেয়ালের একাংশ ধসে পড়ে লোকজন চাপা পড়েন ।
নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে এদের মধ্যে ৪ জন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটা ব্রিকফিল্ড এলাকায় জনতা ফার্মেসির পাশে বাদশা মিয়া ভবনের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবনের একাংশ ভেঙে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস চারটি ইউনিট কাজ করছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, নিহত সাতজনের অধিকাংশ মাথায় আঘাত পেয়েছেন। এ কারণে তাদের মৃত্যু হয়েছে। আহতাবস্থায় ২০ জন হাসপাতালে এসেছে বলে নিশ্চিত হয়েছি। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে।
চট্টগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, পুলিশের ধারণা গ্যাস লাইনে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে বাড়িটির একাংশ বিধ্বস্ত হয়েছে। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, বাদশা মিয়ার ভবনের নিচ দিয়ে গ্যাস লাইন গেছে। গ্যাস লাইন বিস্ফোরণের ফলে হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তারপরও দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












