বাংলাধারা প্রতিবেদন »
নগরীর পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনা তদন্তে ২টি কমিটি গঠন করা হয়েছে। আহতদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন। এছাড়াও নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা দেবে জেলা প্রশাসন।
রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে গ্যাস লাইন বিস্ফোরণের পর দেয়াল ধসে ৭ জন নিহত ও ১৭ জন দগ্ধসহ আহত হয়েছে ২০ জন। নিহতদের মধ্যে ৪ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু রয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল বালি, জহরলাল হাজারী, শৈবাল দাশ সুমন, চসিক প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ প্রমুখ।
ঘটনাস্থল পরিদর্শন করে মেয়র বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করবো। তাদের যাবতীয় খরচ সিটি করপোরেশন বহন করবে। ৭ জনের প্রাণহানি ঘটেছে। ফায়ার সার্ভিস, আমাদের দুজন কাউন্সিলর যথেষ্ট কষ্ট করেছে। জনগণকে সচেতন হতে হবে। একটি দুর্ঘটনা অপূরণীয় ক্ষতি। সব কর্তৃপক্ষের পাশাপাশি ভবন মালিক ও ভাড়াটিয়াদের গ্যাস, বিদ্যুতের লাইনে লিকেজ আছে কিনা নিয়মিত তদারকি করতে হবে। ব্যবহারকারীরা সচেতন হলে দুর্ঘটনা এড়ানো সম্ভব।
তিনি বলেন, শহরটা পরিকল্পিত না। সিডিএ নকশা অনুমোদন করে। নকশা অনুযায়ী ভবন হচ্ছে না। নজরদারির জন্য প্রয়োজনীয় জনবল সেবা সংস্থার নেই। চসিক, ফায়ার সার্ভিস, সিডিএ, জেলা প্রশাসন, কর্ণফুলী গ্যাসের প্রতিনিধি নিয়ে কমিটি গঠন করা হবে। এসময় শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মেয়র।
অতিরিক্ত জেলা ম্যাজিস্টেটকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৫ দিনের মধ্যে কমিটি রিপোর্ট দেবে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












