২১ মার্চ ২০২৬

গুজব ছড়িয়ে বাজারে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালছে : কাদের

বাংলাধারা ডেস্ক »

পেঁয়াজের দাম নিয়ে নৈরাজ্যের পর লবণ ও চাল নিয়ে গুজবের পেছনে সরকারবিরোধী ষড়যন্ত্র দেখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একটি মহল রাজনৈতিক ফায়দা লাভের জন্য এই গুজব ছড়াচ্ছে বলে মনে করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘পেঁয়াজের পর লবণ নিয়ে দেশে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে। গুজব সৃষ্টি করে লবণের দাম বাড়ানোর ষড়যন্ত্র করা হয়েছে, বাজারে অরাজকতা ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। এখান থেকে কেউ কেউ রাজনৈতিক ফায়দা তোলার অপচেষ্টায় লিপ্ত।’

‘তারা এর মধ্যে আওয়াজ তুলেছে আগাম নির্বাচনের। আগাম নির্বাচন চাওয়ার অর্থ হচ্ছে এটি তাদের মামা বাড়ির আবদার। একটি বিরোধী দল এসব গুজব সৃষ্টি করছে, গুজবে উস্কানি দিচ্ছে এটি আজ পরিষ্কার। এই মহলটি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। লবণ-চাল নিয়ে আজ গুজব সৃষ্টি করা হচ্ছে।’

সরকার ও দলের এই মুখপাত্র বলেন, ‘আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে আহ্বান জানাবো, এসব গুজবে বিভ্রান্ত হবেন না। আমরা এখান থেকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, যারাই এই ষড়যন্ত্র করছে তাদের কারো রেহাই নেই। তাদের আইনের আওতায় আনা হবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, দেশে পর্যাপ্ত চালের মজুদ রয়েছে। এরমধ্যে আগামীকাল থেকে সারাদেশে সরকারিভাবে নতুন ধান কেনার কার্যক্রম শুরু হচ্ছে। কোথাও কোনো সংকট নেই৷ এসময় মিডিয়াসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান কাদের।

ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির কর্মবিরতি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘তারা আর কিছুক্ষণের মধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন। আমি আশা করবো তাদের সমস্যার সমাধান হয়ে যাবে।’

এসময় তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘শাস্তি দেওয়ার ক্ষেত্র আপনার সহনশীল হবেন। আমরা কাউকে শাস্তি দিতে চাই না৷ আইনের আওতায় আনতে চাই; এটা সবার জন্য জরুরি।’

উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দপ্তর সস্পাদক আব্দুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, বন ও পরিবেশন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন