বাংলাধারা ডেস্ক »
কর্মবিরতির নামে অঘোষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মালিক-শ্রমিক-যাত্রী সব মহলকে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সহযোগিতা করারও দাবি জানায় সংগঠনটি।
বুধবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এই আহ্বান জানান।
অঘোষিত ধর্মঘটের পেছনে জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘একটি চিহ্নিত কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী পরিবহন সেক্টরে প্রভাব বিস্তার করে বিভিন্ন সময়ে সরকারের ভালো কাজগুলোকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই গোষ্ঠী জনগণের প্রত্যাশিত নতুন সড়ক আইন বাস্তবায়নে বাধা দিচ্ছে। তারা নিরীহ শ্রমিকদের মাঝে গুজব রটিয়ে ফায়দা হাসিল করতে চায়।’
‘কেননা, এই মহলটি পরিবহন সেক্টরে চাঁদাবাজি, ধান্ধাবাজি, নৈরাজ্য জিইয়ে রেখে দীর্ঘদিন ধরে তাদের স্বার্থ হাসিল করে আসছিল। নতুন সড়ক আইন বাস্তবায়ন হলে তাদের এ জাতীয় অনৈতিক কর্মকাণ্ড বন্ধ হওয়ার শঙ্কায় তারা আবারও নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে।’
পরিবহন আইন সংশোধনের দাবি থাকলে গণতান্ত্রিক পন্থায় আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে মোজাম্মেল বলেন, ‘এই আইনে যাত্রী সাধারণের কোনও প্রতিনিধিত্ব রাখা হয়নি। ভাড়া নির্ধারণ, পরিবহন পরিচালনায় কমিটিসহ সব ক্ষেত্রে যাত্রী সাধারণের প্রতিনিধিত্ব নিশ্চিত করা গণমানুষের দাবি।’
আর এ জন্য যাত্রী কল্যাণ সমিতিও এই আইন সংশোধন চায় উল্লেখ করে সংগঠনটির মহাসচিব বলেন, ‘দাবি আদায়ের নামে জনদুর্ভোগ সৃষ্টি করে, সরকারকে জিম্মি করার ষড়যন্ত্র থেকে বেরিয়ে এসে জরুরি ভিত্তিতে কর্মবিরতির নামে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করুন।’
সূত্র : ঢাকা টাইমস
বাংলাধারা/এফএস/টিএম/এএ












