৩১ মার্চ ২০২৬

ফের ট্রেনের ইঞ্জিনে আগুন

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রেনটি গাজীপুরের টঙ্গী রেলস্টেশনে পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়।

শনিবার (২৩ নভেম্বর) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার পরে রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ওই আগুন নিভিয়ে ফেলা হয়।

জানা যায়, বিকেল ৪টা ২ মিনিটের দিকে জংশনে দাঁড়ানো অবস্থায় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ভেতর ব্যাটারির বক্সে আগুন লেগে যায়। পরে নিজস্ব ব্যবস্থাপনায় তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলা হয়।

প্রসঙ্গত, এর আগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা থেকে রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেন নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুতির পর ইঞ্জিনে আগুন ধরে পুড়ে যায়। এ ঘটনায় প্রাণহানি না ঘটলেও ইঞ্জিনসহ সাতটি বগি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সূত্র : বাংলাদেশ জার্নাল

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন