বাংলাধারা ডেস্ক »
খারাপ আবহাওয়ার কারণে কেনিয়ায় ভূমিধসে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন শিশুও রয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে নাইরোবি থেকে ২২০ কিলোমিটার দূরে পশ্চিম পোকোট কাউন্টিতে ভূমিধসের এ ঘটনা ঘটে।
বিবিসি জানিয়েছে, ভারি বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির নাইয়ারকুলিয়ান ও পারুয়া গ্রাম। উদ্ধারকাজের জন্য সেনা এবং পুলিশের হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে অধিকাংশ জায়গায় রাস্তা এবং সেতু ভেঙে পড়ায় উদ্ধারকাজে দেরি হচ্ছে।
এদিকে এক বিবৃতিতে হতাহতদের আত্মীয়স্বজন ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কেনিয়াত্তা।
তিনি বলেন, ভূমিধসে দেশটির সম্পদ এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। উদ্ধারকর্মী এবং বিভিন্ন বাহিনীকে দ্রুত উদ্ধার কাজ করতেও নির্দেশ দিয়েছেন তিনি।
কেনিয়ার রেড ক্রস সোসাইটি জানিয়েছে, পোকোটই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সেখানে উদ্ধারকারীর দল পৌঁছে গিয়েছে। ধ্বংসস্তূপ থেকে দু’টি বাচ্চাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে প্রবল বৃষ্টি উদ্ধারকাজে সবচেয়ে বড় বাধা বলে জানিয়েছেন উদ্ধারকারীর দলের এক সদস্য। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












