৩০ মার্চ ২০২৬

খাগড়াছড়ি জেলা আ’লীগের সভাপতি কুজেন্দ্র, সম্পাদক নির্মেলন্দু

জসিম উদ্দিন জয়নাল, খাগড়াছড়ি »

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন। কাউন্সিলকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে।

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক ট্রান্সফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. মাহবুব উল আলম হানিফ এমপি প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন।

রোববার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় দিকে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়াম প্রাঙ্গণে দলীয় পতাকা ও পায়রা উড়িয়ে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাহবুুব উল আলম হানিফ।

জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলনে জেলা আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মংশেপ্রু চৌধুরীর সঞ্চালনায় জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মেলন্দু চৌধুরী, জেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জায়েদুল আলম, জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি রনবিক্রম কিশোর ত্রিপুরা, পার্বত্য চট্রগ্রামের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।

সম্মেলনে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি কে সভাপতি ও নির্মেলন্দু সাধারণ সম্পাদক মনোনীত করে ২০২২ সাল মেয়াদে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. মাহবুব উল আলম হানিফ সন্ধ্যায় খাগড়াছড়ি স্টেডিয়ামে সম্মেলন মঞ্চে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এই ঘোষণা দেন।

এর আগে বিকেল ৪ টা থেকে খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে জেলা ও উপজেলা পর্যায়ের ডেলিগেট কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু এই অধিবেশন পরিচালনা করেন।

সম্মেলনের শুরুতে দলের জেলা সভাপতি পদে বর্তমান সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সহ-সভাপতি সমীর দত্ত, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইছ উদ্দিন, সভাপতি পদে তাদের মনোনয়ন প্রকাশ করেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন