৮ নভেম্বর ২০২৬

প্রভাবশালীদের দখলে সড়ক, ভোগান্তিতে গ্রামবাসী

সীতাকুণ্ড প্রতিনিধি »  

সীতকুন্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের আগার বাড়ি সড়কটি গ্রামটির সাথে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের সংযোগ সড়ক হিসেবে কাজ করে। এই সড়কটি দিয়ে এলাকার হাজারো অধিবাসী যেমন বাজারে যায় তেমনি শতশত ছাত্রছাত্রী স্কুলে যায়।

গ্রামের গুরুত্বপূর্ণ এই সড়কটি কাগজে কলমে ১৬-৩০ ফুট প্রশস্ত হওয়ার কথা থাকলেও বাস্তবে তার অস্থিত্ব নেই। বাস্তবে কোথাও রয়েছে ৫ ফুট আবার কোথাও রয়েছে ৭ ফুট।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির উভয় পাশ দখল করে রেখেছে প্রভাবশালী মহল। কারো দখলে রয়েছে ড্রেন আবার কেউবা সড়ক দখলে নিয়ে করেছেন ভবন নির্মাণও। যার ফলে একদিকে ড্রেনের পানি চলাচল ব্যাহত হয়ে তা সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অন্যদিকে পথচারী চলাচলে ঘটছে ব্যাঘাত।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে চলমান বিরোধের কারনে সড়কটির সংস্কার কাজ হচ্ছে না। তাছাড়া অনেক বছরের পুরনো রাস্তা এভাবে দখলের ফলে চরম ভোগান্তিতে পড়েছে মাদামবিবিরহাট শাহ্জাহান উচ্চ বিদ্যালয়, মাদামবিবিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাদামবিবিরহাট শাহজাহান সাদ্রাসা, বিজয় স্মরনী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ও গ্রামের হাজারো মানুষ।

সম্প্রতি এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে সীতাকুন্ড উপজেলার ভুমি কর্মকর্তার কার্যাতলয় একজন সার্ভেয়ারের মাধ্যমে সড়কটি পরিমাপ করে অবৈধ দখলের বিষয়টি নিশ্চিত করেছে।

পরিমাপে অংশ নেয়া সার্ভেয়ার মো. পলাশ বাংলাধারাকে জানান, গত ১৪ নভেম্বর পরিমাপ করে সরকারী সড়কটির জায়গা চিণ্হিত করা হয়েছে। এই সপ্তাহে সার্ভে রিপোর্ট জমা দেয়ার পর অবৈধ দখলদারদের নোটিশ ইস্যু করা হবে। আশা করছি তারা প্রতিশ্রুতি অনুযায়ী তাদের দখলে থাকা সরকারী জায়গা ছেড়ে দিবেন।

ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সদস্য (২নং ওয়ার্ড) শহিদুল ইসলাম সাহেদ জানান, এত দিন যাবত একটি পক্ষ অবৈধ স্থাপনা নির্মাণ করে সড়কটি দখল করে রেখেছিল। এখন তারা এলাকাবাসীর সামনে কথা দিয়েছে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে ফেলবে।

ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, সড়কটির এই দশার কারণে শিক্ষার্থীসহ নারী ও বয়স্ক মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য একাধিকবার বসা হয়েছে। রাস্তা নির্ধারণ করে সীমানা পিলার দেয়া হয়েছে। তখন উভয়পক্ষ মেনে নিলেও বর্তমানে একটি পক্ষ তা মানছে না। জায়গা নিয়ে বিরোধ সমাধান করে অচিরেই রাস্তার সংস্কার কাজ শুরু করা হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ