বাংলাধারা ডেস্ক »
গুলশানের হলি আর্টিজান হামলা মামলার রায়ে ৮ আসামির মধ্যে ৭ জনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয়েছে একজনকে।বুধবার(২৭ নভেম্বর) এ রায় ঘোসণা করেন ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান।
রায়ের পর আসামিদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। বরং আদালত কক্ষ থেকে বের করার সময় স্লোগান দেয় তারা।আদালত থেকে কারাগারে নেয়ার সময় প্রিজনভ্যানের ভেতর থেকে চিৎকার করে নিজেদের কর্মকাণ্ডের পক্ষে বলতে থাকেন দণ্ডপ্রাপ্ত নব্য জেএমবির এসব জঙ্গিরা। সেইসঙ্গে স্লোগানও দিতে থাকেন।এর আগে সকালেও আঙুল উঁচিয়ে হাসিমুখে আদালতে প্রবেশ করে আসামিরা। তখন তাদের চোখেমুখে কোনো চিন্তার ছাপ ছিল না।
এদিকে, আসামিদের মাথায় আইএসের টুপি কীভাবে এলো তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।রায় ঘোষণার পর আসামিদের মাথায় আইএসের টুপি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হলে এ কথা বলেন তিনি।
সে সময় মনিরুল ইসলাম আরও বলেন, ছবি দেখে বিস্মিত হয়েছেন। কারাগার থেকে আনার সময় আসামিদের তল্লাশি করে দেখা হয়, তাদের সঙ্গে কি আছে তা দেখা হয়। এ ধরনের টুপি তাদের কাছে কীভাবে গেল, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়ে, সকালে আদালতে হাজির করার সময় কারো মাথায় এমন টুপি ছিল না। কিন্তু বের হওয়ার সময় মাথায় এই টুপি দেখা যায়।তবে আসামিরা কারাগার থেকে এ টুপি নিয়ে এসেছেন নাকি আদালতে আনার সময় বা আনার পর কোনোভাবে তাদের কাছে এই টুপি এসেছে-তা এখনও জানা যায়নি।
বাংলাধারা/এফএস/টিএম













