বাংলাধারা ডেস্ক »
আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে ৮ আসামির মধ্যে ৭ জনের মৃত্যুদণ্ড ও ১ জনকে খালাস দিয়েছেন বিচারক।
বুধবার(২৭ নভেম্বর) বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাকিবুল হাসান রিগ্যান, আসলাম হোসেন র্যা শ, মো. হাদিসুর রহমান, জাহাঙ্গীর হোসেন, মো. আব্দুল সবুর খান, মামুনুর রশীদ রিপন ও শরিফুল ইসলাম খালেক। খালাস দেয়া হয়েছে মিজানুর রহমান ওরফে বড় মিজানকে।
দেশের ইতিহাসে ভয়াবহ এ হামলার মামলার রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হলেও হতাশ প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবী।
রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আসামি পক্ষের আইনজীবী দোলোয়ার হোসেন বলেন, ‘রায়ে তারা সংক্ষুব্ধ। সাক্ষীদের নিয়ে তাদের সন্দেহ আছে। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানান তিনি।
২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজানে হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন। পরে সেনা বাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গি। ওই ঘটনায় পরে সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে পুলিশ।
এরপর ২০১৮ সালের ২৩ জুলাই ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক হুমায়ুন কবির। দণ্ডপ্রাপ্ত সাত আসামি ছাড়াও বিভিন্ন অভিযানে ১৩ জন নিহত হওয়ায় মামলা থেকে তাদের অব্যাহতির সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা। পরে মামলা থেকে তাদের অব্যাহতি দেয়া হয়।এরপর ওই বছরের ২৬ নভেম্বর ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার বিচার শুরু হয়।
বাংলাধারা/এফএস/টিএম













