বাংলাধারা ডেস্ক »
১৯৯১ সালের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের ১৫ ধারা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১ ডিসেম্বর) বিচারপতি রেফাত আহমেদ ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে এই রুল দেন।
এ ছাড়া রুলে ওয়ার্ড বেসিসে রেন্ট কন্ট্রোলার নিয়োগ, ভাড়ার আদর্শ মান নির্ধারণ ও সুপারিশের জন্য একটি কমিশন গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে আইন সচিব, ভূমি সচিব, দুই সিটি করপোরেশনসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।
মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের ভাড়া নির্ধারণ পদ্ধতি সংক্রান্ত ধারাটি চ্যালেঞ্জ করে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে জনস্বার্থে সম্পূরক ওই আবেদনটি করেন।
বাংলাধারা/এফএস/টিএম












