২১ মার্চ ২০২৬

তামিলনাড়ুতে ভারী বৃষ্টি, নিহত অন্তত ১৫

বাংলাধারা ডেস্ক »

ভারতের দক্ষিণী রাজ্য তামিলনাড়ুতে ভারী বৃষ্টির কারণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। রাজ্যের কয়ম্বাতুরে বৃষ্টির কারণে একটি দেয়াল ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। গত দুই দিন ধরে ভারী বৃষ্টিতে অনেকটা বিপর্যস্ত গোটা রাজ্য।

চেন্নাইয়ের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (আরএমসি) জানিয়েছে, আগামী দুইদিন আরও প্রবল বৃষ্টি হতে পারে। এ রাজ্যের ছয় জেলায় সতর্কতা জারি করা হয়েছে। কুডালোর জেলার প্রায় এক হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

বৃষ্টির আশঙ্কা থেকে ইতিমধ্যে চেন্নাইয়ের সমস্ত স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্যের অন্য জেলাগুলিতেও বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠআনগুলি।

চেন্নাই সিটি করপোরেশনের মেয়র জি প্রকাশ বলেছেন, আমরা সব সময় মানুষকে সাহায্য করতে প্রস্তুত। করপোরেশনের কর্মীরা ইতোমধ্যে পানি নিষ্কাশনের কাজ শুরু করছেন।

আরএমসির সতর্কবার্তায় বলা হয়েছে, তামিলনাড়ুর তিরুভ্যালুর, ভেল্লোর, তিরুভ্যান্নামালাই, থোটুক্কুডি, রামনাথপুরাম ও তিরুনেলভেলি জেলায় আগামী ২৪ ঘণ্টায় অতিরিক্ত ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। লক্ষদ্বীপের নিকটবর্তী এলাকায় নিম্নচাপের অবস্থান করায় দক্ষিণ-পূর্ব আরব সাগরে ঝড়ের সৃষ্টি হতে পারে।

আবহাওয়া বিভাগের সতর্কতা জারির পর সোমবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তামিলনাড়ুর পাশ্ববর্তী কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরির সরকারও।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন