রাঙামাটি প্রতিনিধি »
নানা কর্মসূচীর মধ্যদিয়ে ২রা ডিসেম্বর রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২২তম বর্ষপূর্তি পালিত হয়েছে। এই উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে পৃথকভাবে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রাঙামাটি জেলা পরিষদ কতৃক পার্বত্য শান্তিচুক্তির ২২বছর পূর্তি উপলক্ষে রাঙামাটি কলেজ গেইট থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করেন এবং তা প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পরে রাঙামাটিস্থ ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনিষ্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য দীপংকর তালুকদার-এমপি।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে রাঙামাটি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ মাইনুর রহমান, জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, পুলিশ সুপার আলমগীর কবির, আঞ্চলিক পরিষদের সদস্য হাজ্বী কামাল উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার এই পার্বত্য শান্তিচুক্তি করেছে এ সরকারই তার অধিকাংশই বাস্তবায়ন করেছে। সরকার ভূমি কমিশন আইন পাশ করেছে। শান্তিচুক্তির বাকি অংশগুলোও দ্রুত বাস্তবায়ন হবে। তবে এর জন্যে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।
এছাড়া বিকালে রাঙামাটি চিংহ্লা মং মারী ষ্টেডিয়ামে রাঙামাটি জেলা পরিষদ ও রাঙামাটি রিজিয়নের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অপরদিকে রাঙামাটি জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কতৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটির সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। এছাড়া সভায় জন সংহতি সমিতির অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, পার্বত্য চুক্তির পূর্ণবাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে অশান্তি সৃষ্টি হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম












