২১ মার্চ ২০২৬

গভীর রাতে শীতার্ত ছিন্নমূলদের খুঁজে খুঁজে শীতবস্ত্র দিলেন জেলা প্রশাসক

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারে শীতের প্রাদূর্ভাব শুরু হয়েছে। কেনার ধুম পড়েছে গরম কাপড়। কিন্তু শহরের অলিগলিতে অসংখ্য ছিন্নমূল শীতের হাওয়ায় গরম কাপড়হীন রাত কাটায়। ভাসমান-অসহায় এসব মানুষগুলোর কথা চিন্তা করে শীত নিবারণে সঙ্গীদের নিয়ে রাতেই পথে নেমেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন।        

প্রধান সড়ক ও অলিগলিতে হেঁটে দোকান, যাত্রী ছাউনি ও দেয়া ঘেষে জড়োসড়ো হয়ে ঘুমিয়ে থাকা   ছিন্নমূল মানুষদের খুঁজে বের করে সঙ্গে নেয়া কম্বলসহ প্রয়োজনীয় শীতবস্ত্র পরিয়েদেন জেলা প্রশাসক। এসময় খোঁজখবর নেয়া হয় শারীরিক অবস্থারও।

শুক্রবার গভীর রাতেই শহরের হলিডে মোড় ও লাবনী পয়েন্ট, ৬নং রাস্তার মাথাসহ বিভিন্ন খোলা জায়গা ও ফুটপাতে আশ্রয় নেয়া ছিন্নমূল বৃদ্ধ নারী-পুরুষ ও শিশুরা শীতবস্ত্র পেয়ে জেলা প্রশাসন, সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। 

এসময় জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সাথে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাজাহান আলি, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম সরওয়ার কামাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম মাহফুজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা, আনসার ব্যাটালিয়ন সদস্য ও বীচ কর্মীরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, দেশের জনগণের জন্য শতভাগ আবাসন নিশ্চিতে কাজ করছে সরকার। এটি পুরোপুরি বাস্তবায়ন সময় সাপেক্ষ। ছিন্নমূলরাও মানুষ। তাদের আবাসন নিশ্চিত ততক্ষণাত সম্ভব না হলেও শীত নিবারণে আমরা সহযোগী হওয়ার চেষ্টা করছি। প্রথমদিন  দুই শতাধিক ছিন্নমূল ও অসহায় পরিবার এ সহযোগিতার আওতায় এসেছে। শীত শেষ না হওয়া পর্যন্ত আমরা এ তৎপরতা অব্যাহত রাখার চেষ্টা করব। 

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন