বাংলাধারা প্রতিবেদন »
শিক্ষা উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিএনপি মিডিয়াভিত্তিক দলে পরিণত হয়েছে। তাদের কাজ এখন শুধু প্রেস কনফারেন্স করা। প্রেস কনফারেন্স করে শুধু আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করা।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে নগরীর লালদীঘির মাঠে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি’র রাজনীতিতে নৈতিক অবক্ষয় হয়েছে জানিয়ে নওফেল বলেন, গঠনমূলক রাজনীতি করার সকল নৈতিক শক্তি বিএনপি হারিয়েছে। কারণ তাদের দলীয় প্রধান এতিমের টাকা মেরে আজকে কারাগারে, আর তার কুপুত্র তারেক রহমান আজকে বিদেশে পলাতক। তাই তারা রাজনীতি করার নৈতিক শক্তি হারিয়েছে।
তিনি বলেন, বিএনপির কাণ্ডারী দুর্নীতির বরপুত্র তারেক রহমানকে এ দেশের মানুষ চায় না। দেশের মানুষ তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে।
উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের।
সকালে ত্রি-বার্ষিক এ সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, পানিসম্পদ উপমন্ত্রী ও সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, কেন্দ্রীয় উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
মঞ্চে উপস্থিত আছেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সংসদ সদস্য দিদারুল আলম, মাহফুজুর রহমান মিতাসহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকেরা।
দ্বিতীয় পর্বে নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে কাউন্সিলর অধিবেশন। এতে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন এবং কেন্দ্রীয় নেতারা নতুন নেতৃত্ব ঘোষণা করবেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












