২১ মার্চ ২০২৬

আওয়ামী লীগের ক্ষমতার উৎস এই দেশের মাটি ও মানুষ: কাদের

বাংলাধারা প্রতিবেদন »

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের ক্ষমতার উৎস বিএনপির মতো বন্দুকের নল নয়। আমাদের ক্ষমতার উৎস হলো এই দেশের মাটি ও মানুষ। আমরা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গাই। আমরাই আওয়ামী লীগ। আমরা ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়াই।

শনিবার (৭ ডিসেম্বর) নগরীর লালদিঘি ময়দানে উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, আমরা সুশৃঙ্খল আওয়ামী লীগ চাই, সুসংগঠিত আওয়ামী লীগ চাই। বিশৃঙ্খলা চাই না। সুবিধাবাদীদের দলে চাই না। অতিথি পাখিদের স্থান হবে না আওয়ামী লীগে। ত্যাগী কর্মীদের নেতা বানানো হবে।

তিনি বলেন, এখন পোস্টার লাগাতে কর্মী পাই না, ব্যানার লাগাতে কর্মী পাই না। ভাড়া করা টোকাই দিয়ে পোস্টার লাগাতে হয়। কর্মীরা এখন নেতা হয়ে গেছে। ভাবসাব এমন আমি পোস্টার লাগাবো! কর্মী তো নয়, সবাই নেতা হতে চায়। নেতা যদি হতে চাও আগে কর্মী হতে হবে। কর্মী হয়েই নেতা হতে পারবে।

ওবায়দুল কাদের বলেন, চাঁদাবাজ আওয়ামী লীগের নেতা হতে পারে না। টেন্ডারবাজকে না বলুন। মাদক ব্যবসায়ীদের না বলুন। জমি দখলকারীদের না বলুন। সন্ত্রাসীদের না বলুন।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কথায় কথায় যারা কলহ করে, মারামারি করে এই কর্মীর আমাদের প্রয়োজন নেই। যারা রাজশাহীতে অধ্যক্ষকে পানিতে ফেলে দেয় এই কর্মীর আমাদের কোনো প্রয়োজন নেই। মাস্তানি করে, গডফাদারগিরি করে নেতা হওয়া যাবে না।

উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে এর আগে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

এর আগে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আবদুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, পানিসম্পদ উপমন্ত্রী ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

মঞ্চে আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সংসদ সদস্য দিদারুল আলম, মাহফুজুর রহমান মিতাসহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকরা।

সম্মেলনের দ্বিতীয় পর্বে বিকাল ৩টায় নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কাউন্সিল অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। কেন্দ্রীয় নেতারা নতুন নেতৃত্ব ঘোষণা করবেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন