কক্সবাজার প্রতিনিধি »
গভীর বঙ্গোপসাগরের কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীর পশ্চিমে এলিপেন্ট পয়েন্ট এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ মাঝি মাল্লা নিখোঁজ রয়েছেন । এঘটনায় এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। আর বেলা দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড ও নৌ বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে কোস্টগার্ডদের এক কর্মকর্তা জানান, দুপুরে দিকে বঙ্গোপসাগরের মহেশখালীর পশ্চিমে এলিপেন্ট পয়েন্ট এলাকায় একটি ট্রলার ডুবির ঘটনার খবর পায় কোস্টগার্ড। ঘটনার পরপরই এলএনজিবাহী জাহাজ ও ফিশিং বোট সী পাওয়ার ১২ জনকে জীবিত উদ্ধার করে।
উদ্ধার হওয়াদের ভাষ্য মতে, ডুবে যাওয়া ট্রলারটিতে ২৩ জন মাঝি মাল্লা ছিল। বাকি ১১জন নিখোঁজ রয়েছে। খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে অভিযানে নামে নৌ বাহিনীর জাহাজ অপরাজেয় ও কোস্টগার্ডের জাহাজ সৈয়দ নজরুল। বেলা দেড়টার দিকে কোস্টগার্ডের জাহাজ সৈয়দ নজরুল একজনের মরদেহ উদ্ধার করেছে।
তথ্যটি গণমাধ্যমকে স্বীকার করেছেন কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম।
তার মতে বলেন, উদ্ধার হওয়া একজনের মরদেহ কোস্টগার্ড হেফাজতে রয়েছে। নিখোঁজ বাকি ১০ জনকে উদ্ধারে অভিযান চলছে। তবে ডুবে যাওয়া ট্রলার ও মাঝি মাল্লারা কোথাকার তা এখনো জানাতে পারেনি উদ্ধারকারিরা।
রিপোর্ট লেখাকালীন (বিকেল ৪টা পর্যন্ত) উদ্ধার অভিযান চলছিল বলে জানান কোস্টগার্ড কক্সবাজার স্টেশন অফিসার মহিউদ্দিন। অভিযান শেষ হলে কোস্টগার্ডদের মিডিয়া দপ্তর সবিস্তারে জানাবে বলে উল্লেখ করেন তিনি
বাংলাধারা/এফএস/টিএম/এএ













