পটিয়া প্রতিনিধি »
পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের এক সার্ভেয়ার মোহাম্মদ মশিউর রহমানকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার ছনহরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সুজন শেখর দত্তের বাড়িতে গত ১৯ নভেম্বর ভূমি অফিসের সার্ভেয়ার মশিউর রহমান চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত দক্ষিণের একটি মামলার তদন্ত করতে যান। তদন্তকালে স্থানীয় সন্ত্রাসী ধ্রুব শেখর দত্ত প্রকাশ রতন দত্ত(৫৪), নিধুৃ শেখর দত্ত(৫৭), লক্ষীন্দর ঘোষ(৩৪), নুরুল ইসলাম(৩৭)সহ ১০/১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ সার্ভেয়ারের উপর হামলা চালায়।
এ সময় সার্ভেয়ার মশিউর রহমান ও সিদ্ধার্থ শেখর দত্ত(৪৮)সহ কয়েকজন আহত হয়। এ ঘটনায় উপজেলার ছনহরা এলাকার চন্দ্র শেখর দত্তের পুত্র সুজন শেখর দত্ত গত ২০ডিসেম্বর পটিয়া থানায় উল্লেখিত ব্যক্তিসহ ১০/১২ জনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে গত ২০ডিসেম্বর পটিয়া থানা পুলিশ লক্ষীন্দর ঘোষ নামের একজনকে আটক করে রহস্যজনক ভাবে ছেড়ে দেয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে সার্ভেয়ারকে মারধরের বিষয়ে জানতে চাইলে ধ্রুব শেখর দত্ত প্রকাশ রতন বলেন, সার্ভেয়ার মিথ্যা বলছে, উনাকে আমরা কেউ মারধর করেনি, থানায় অভিযোগ হওয়ার বিষয়ে বলেন, অভিযোগটি সত্য না বলে দাবি করেন।
এ বিষয়ে সুজন শেখর দত্ত বলেন, চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আদালতের মামলায় পটিয়া ভূমি অফিসের সার্ভেয়ার তদন্ত করতে গেলে সন্ত্রাসীরা আমাদেরকে মারধর করে, সার্ভেয়ারের উপরও হামলার চেষ্ঠা চালায়, এই সময় তারা আমাদের সাথে থাকা নগদ টাকা,স্বর্ণের একটি চেইনসহ প্রায় লক্ষ টাকার জিনিসপত্র ছিনিয়ে নেয়, তাদের সন্ত্রাসী কর্মকান্ড থেকে রেহায় পেতে আমি থানায় অভিযোগ করেছি।
এ বিষয়ে পটিয়া ভূমি অফিসের সার্ভেয়ার মশিউর রহমান বলেন, আমার উপস্থিতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে,এক পক্ষ বেশী উত্তেজিত ও মারমুখি ছিল, আমার সাথের তাদের কথা কাটাকাটি হয়েছে, বড় কোন ঘটনা ঘটলে আমি এসিল্যান্ড স্যারকে জানাতাম,তাদের এই অবস্থা দেখে আমি চলে এসেছি।
বাংলাধারা/এফএস/টিএম













