বাংলাধারা ডেস্ক »
একাদশ জাতীয় সংসদের ২০২০ সালের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। এর আগে কার্য উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত হবে।
বছরের প্রথম অধিবেশন হওয়ায় সংবিধান অনুযায়ী আজ সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। ইতোমধ্যে মন্ত্রিসভায় রাষ্ট্রপতির ভাষণ অনুমোদিত হয়েছে। এ ভাষণে সরকারের বিগত দিনের বিভিন্ন খাতে অর্জিত সাফল্যসহ উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হবে। এছাড়া ভাষণে ২০২১ সালে মধ্যম আয় ও ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ারও দিক নির্দেশনা দেবেন রাষ্ট্রপতি।
রেওয়াজ অনুযায়ী এ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হবে। ফলে জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশন দীর্ঘ হতে পারে।
তবে মুজিব বর্ষ উপলক্ষে মার্চের মাঝামাঝি সময়ে সংসদের বিশেষ অধিবেশন আহবান করার কথা রয়েছে। সে হিসাবে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত ৬ষ্ঠ অধিবেশন চলতে পারে।
এছাড়াও এ অধিবেশনে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিল পাস ও উত্থাপন হতে পারে। সমসাময়িক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
বাংলাধারা/এফএস/টিএম












