২১ মার্চ ২০২৬

তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ

বাংলাধারা ডেস্ক »

নওগাঁ পোরশা উপজেলা সীমান্তে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার(২৩ জানুয়ারি) ভোরে উপজেলার দুয়ারপাল সীমান্তের ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে সন্দিপ (২৪), কাঁটা পুকুরের মৃতু জিল্লুর রহমানের ছেলে কামাল (৩২) এবং চকবিষ্ণপুর দিঘিপাড়ার মৃত খোদাবক্সের ছেলে মফিজ উদ্দিন (৩৮)।

স্থানীয়রা জানিয়েছেন, বাংলাদেশের বেশ কয়েকজন গরু ব্যবসায়ী বুধবার রাতে সীমান্ত পার হয়ে ভারত যান। বৃহস্পতিবার ভোরে গরু নিয়ে সীমান্তে ২৩১/১০ (এস) মেইন পিলার এলাকা দিয়ে আসার পথ ক্যাদারীপাড়া ক্যাম্পর টহলরত বিএসএফ জোয়ানরা তাদেরকে পেছন থেকে গুলি করে। সে সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও ভারতের ১০০গজ ভেতরে সদিপ ও কামাল মারা যান। তবে গুলিবিদ্ধ অবস্থায় মফিজুল বাংলাদেশে চলে আসেন। পরে তিনিও মারা যান।

এ বিষয়ে ১৬ বিজিবি হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান ঘটনার জানান, তিনজন গুলিবিদ্ধ হলেও এদের মধ্যে একজন গুলিবিদ্ধ অবস্থায় সীমান্ত পার হয়ে বাংলাদেশের মধ্যে এসে মারা গেছেন। দুজন ভারতে মারা গেছেন।

বিজিবি-১৬ (নওগাঁ) ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম জানান, পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন