বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেয়া ১০টি দ্বিতল বাসের উদ্বোধন করলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসব বাস শুধু চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে আনা-নেওয়া করবে। বছরের শুরুতে প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ১০টি বাসের যাত্রা উদ্বোধন করেন। রোববার থেকে নগরীতে বাসগুলো চলাচল করবে।
দেড় বছর আগে নিরাপদ সড়কের আন্দোলনের সময় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি’র মধ্যস্থতায় আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসছিলেন জেলা প্রশাসক। এসময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর কাছে স্কুলবাসসহ বিভিন্ন দাবি জানিয়েছিলেন। বৈঠকের মধ্য দিয়ে চট্টগ্রামে স্তিমিত হয় আন্দোলন। দেড় বছর পর প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ১০টি বাস চট্টগ্রামে চালু করতে যাচ্ছে। মাত্র পাঁচ টাকায় শিক্ষার্থীরা যেকোনো রুটে যাতায়াত করতে পারবেন।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. সৈয়দ গোলাম ফারুক, বাস পরিচালনায় সহায়তাকারী জিপিএইচ ইস্পাত লিমিটেডের কর্মকর্তা আলমাস শিমুলও বক্তৃতা করেন।
নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের পর শিক্ষা উপমন্ত্রী বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষার্থীদের নিয়ে সামনের মাঠে রাখা বাসগুলো ঘুরে ঘুরে দেখেন। এসময় হাজারো শিশুর কলকাকলিতে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। কোমলমতি ছাত্রছাত্রীদের সঙ্গে কিছুক্ষণ আনন্দময় সময় কাটান উপমন্ত্রী। পরে ১০টি বাস সারিবদ্ধভাবে শিক্ষার্থীদের নিয়ে জিমনেশিয়াম প্রাঙ্গন ত্যাগ করে।
২০১৮ সালের ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিব নিহত হয়। এ ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে সারাদেশে রাস্তায় নেমে এসেছিলেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
সেদিন শিক্ষার্থীদের নিয়ে জেলা প্রশাসকের কাছে যাওয়া নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, ‘কোনো দাবি যদি যৌক্তিক হয় এবং কোনো সরকার যখন গণমুখী হয় তখন সেই সরকার অবশ্যই যৌক্তিক দাবি মেনে নেয়। প্রধানমন্ত্রী চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য ১০টি বাস পাঠিয়ে এটাই প্রমাণ করেছে, বাংলাদেশে এখন একটি গণমুখী সরকার ক্ষমতায় আছে। একইভাবে এটাও প্রমাণ হয়েছে যে, আন্দোলন মানে বিশৃঙ্খলা নয়, আন্দোলনের মানে হচ্ছে যৌক্তিক দাবি আদায় করে নেওয়া।’
বাংলাধারা/এফএস/টিএম/এএ













