কক্সবাজার প্রতিনিধি »
এলোমেলো ভাবে ব্যবহৃত কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালকে আধুনিকীকরণে এক কোটি টাকা প্রকল্প হাতে নিয়ে কক্সবাজার পৌরসভা। শুক্রবার সন্ধ্যায় গণ্যমাণ্য ব্যক্তিদের নিয়ে দোয়া-মোনাজাতের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক কাজ শুরু করেছেন পৌর মেয়র মুজিবুর রহমান।
কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল আলম জানান, দ্রুত সময়ের মধ্যে টার্মিনালের পার্কিং, লাইটিং এবং পাবলিক টয়লেট নির্মাণসহ প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সার্বিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। কাজগুলো শেষ হলে টার্মিনালের সমস্যা সমাধানের পাশাপাশি হবে দৃষ্টিনন্দনও। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্ধ সরূপ এক কোটি টাকার এ কাজ হচ্ছে বলে জানান নির্বাহী প্রকৌশলী।
কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, স্থানীয় সরকার বিভাগের সচিব কক্সবাজারের কৃতি সন্তান হেলালুদ্দীন আহমেদের আন্তরিক প্রচেষ্টায় এ বরাদ্দ পাওয়া গেছে। শুধু টার্মিনাল সংস্কারের কোটি টাকা বরাদ্দ নয়, কক্সবাজার পৌরসভা তথা পর্যটন নগরীকে পর্যটন বান্ধব হিসেবে গড়ে তুলতে আরও শত কোটি টাকার প্রকল্প দেয়াসহ সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন আমাদের ভূমিপুত্র। এ জন্য মাননীয় সচিব মহোদয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।
প্রকল্প কাজের উদ্বোধনকালে কক্সবাজার চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুল আলম, সহকারী প্রকৌশলী সিরাজুল কালাম বাবুল, হোটেল-মোটেল গেষ্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম













