২১ মার্চ ২০২৬

ফক্সকন আইফোনের বদলে বানাচ্ছে মাস্ক

বাংলাধারা ডেস্ক »

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে পৃথিবীর বৃহত্তম ইলেকট্রনিক যন্ত্র নির্মাতাপ্রতিষ্ঠান ফক্সকন অ্যাপল আইফোন তৈরি বাদ দিয়ে এখন মাস্ক তৈরিতে নেমেছে। তাদের লক্ষ্য চলতি মাসের শেষ দিকে চলতি মাসের শেষে দৈনিক দুই মিলিয়ন (২০ লাখ) সার্জিক্যাল মাস্ক উৎপাদন করা। পরীক্ষামূলকভাবে তারা উৎপাদন শুরু করেছে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে।

সাধারণ অবস্থায় চীন দৈনিক ২ কোটি মাস্ক উৎপাদন করত। তবে নববর্ষের ছুটি, করোনাভাইরাসের কারণে উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। অথচ এখন মাস্কের চাহিদা সর্বোচ্চ। মাস্কের চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে কোম্পানীগুলো। এই অবস্থায় মাস্ক উৎপাদনে এগিয়ে এল ফক্সকন।

বিশ্বের সবচেয়ে বড় এই কোম্পানিটি আইফোনের পাশাপাশি বিখ্যাত ব্র্যান্ড আইপ্যাড, অ্যামাজন’স কিন্ডল, প্লেস্টেশনস-সহ বিভিন্ন প্রযুক্তি পণ্যের যন্ত্রাংশ ও ভোক্তা ইলেকট্রিক পণ্য উৎপাদন করে থাকে।

করোনাভাইরাস থেকে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করতে প্রাথমিকভাবে উৎপাদিত মাস্ক কর্মীদের মধ্যে সরবরাহ করবে বলে জানিয়েছে ফক্সকন। তারা বলছে, এটি শুধু প্রাতিষ্ঠানিক দায়িত্বই নয়, সামাজিক দায়বদ্ধতাও বটে। পরে পুরোদমে উৎপাদন শুরু হলে দেশব্যাপী সরবরাহ করা হবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক খবরে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১০ ফেব্রুয়ারি কর্মীদের শেনজেন অবস্থিত হেডকোয়ার্টারে যেতে নিষেধ করা হয়েছে।

বিশ্লেষকরা বলেছেন, ফক্সকনের ইলেকট্রনিক্স যন্ত্রাংশ উৎপাদন বন্ধ করে দেয়ার কারণে বৈশ্বিক স্মার্টফোন শিপমেন্ট ১০ শতাংশে নেমে আসতে পারে। এতে করে নতুন বছরে আইফোনের, বিশেষ করে আইফোন১১-এর ঘাটতি দেখা দিতে পারে।

উল্লেখ্য ডিসেম্বরের ৩১ তারিখে চীনের হুবেই প্রদেশের উহান শহরে সর্বপ্রথম করোনাভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। করোনাভাইরাসে এ পর্যন্ত মারা গেছে ৬৩৬ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩০ হাজারের বেশি মানুষ। চীনের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। চীনসহ ২৮টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন