বাংলাধারা ডেস্ক »
গৌরবময় সেবার ৪৪ বছর পেরিয়ে ৪৫ বছরে পদার্পণ করলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ শনিবার পালিত হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৫তম প্রতিষ্ঠা দিবস।
‘শান্তি শপথে বলীয়ান’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ডিএমপি জননিরাপত্তা বিধান ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে আসছে। পুলিশের বৃহৎ ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশ ১৯৭৬ সাল হতে জনবহুল রাজধানী ঢাকা মহানগরের আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ ও প্রতিকারে নিরলসভাবে কাজ করছে। প্রযুক্তিগত দক্ষতা এবং পেশাগত জ্ঞান অর্জনকে প্রাধান্য দিয়ে, সৃজনশীলতা এবং জন অংশীদারিত্বকে অন্যতম কার্যকৌশল হিসেবে গ্রহণ করে বহুমাত্রিক এ নগরের আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে সচেষ্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
দিবসটি উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইনস রাজারবাগে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, ও আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিকাল ৩ টায় ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে রাজারবাগ পুলিশ লাইনস পর্যন্ত র্যালির আয়োজন করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠাদিবসের ডকুমেন্টারি প্রদর্শনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম












