২১ মার্চ ২০২৬

প্রথম মার্কিন নাগরিকের মৃত্যু চীনে

বাংলাধারা ডেস্ক »

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মার্কিন নাগরিকের মৃত্যু হলো। কেন্দ্রীয় হুবেই প্রদেশের উহান শহরে মারা গেছেন তিনি।

বৃহস্পতিবার ওই মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। তবে তার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

বেইজিংয়ে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মৃত ওই ব্যক্তির বয়স প্রায় ৬০ বছর। দূতাবাসের এক মুখপাত্র বলেন, মৃতের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। পরিবারটির প্রতি শ্রদ্ধা। তবে আমরা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারছি না।

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৫৪৬ জন এবং এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৭২২ জন। চীনসহ বিশ্বের ২৮টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।

অপরদিকে জাপানের একটি প্রমোদতরীতে নতুন করে ৪১ জন এই ভাইরাসে আক্রান্ত হওয়ায় মোট ৬১ জন এই ভাইরাসে আক্রান্ত হলো। ওই প্রমোদতরীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত দু’দিনে চীনে করোনায় আক্রান্তের সংখ্যা কমেছে। চীন ছাড়াও হংকং এবং ফিলিপাইনে দু’জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন