৩০ মার্চ ২০২৬

ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান নওফেল-নাছিরের

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) নগরীর জামালখানের একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের বর্ধিত সভায় এ আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ চট্টগ্রামের শীর্ষ এই দুই নেতা।

নওফেল বক্তব্য দেয়ার সময় ছিলেন না আ জ ম নাছির। নওফেল বক্তব্য শেষ করে চলে যাওয়ার সময় নাছির উপস্থিত হন। এ সময় নাছির ও নওফেল হাসি মুখে পরস্পরের সঙ্গে কথা বলেন।

বর্ধিত সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, খুব অল্প সময়ের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন বোর্ডের সঙ্গে বসে একটা দিকনির্দেশনা দেবেন। সেই নির্দেশনা মেনে সবাই এক সঙ্গে কাজ করব। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি এড়ানোর ওপর জোর দিতে হবে।

শিক্ষা উপমন্ত্রী বলেন, অনেক কথাবার্তা আসে, মনোনয়নের আগে এ ধরনের কথায় মনোযোগ দিয়ে মনোবল দুর্বল করতে চাই না। সভানেত্রী ও সাধারণ সম্পাদক বসে আমাদের পরিকল্পনা দিয়ে দেবেন। আমরা চাই না, এর আগে এটা নিয়ে নিজেদের মধ্যে কোনো আলোচনা থাকুক। আমরা ঐক্যবদ্ধ শক্তি। ঢাকা সিটি নির্বাচনে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বিজয় ছিনিয়ে এনেছে।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আত্মঘাতী কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত থাকতে হবে। পরস্পরকে হেয় করা, কিছু একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়ার যে অপচেষ্টা, তা বন্ধ করতে হবে। এগুলো যদি বন্ধ করতে না পারি দিন শেষে ক্ষতি হবে প্রধানমন্ত্রীর, আওয়ামী লীগের, সরকারের।

নগর কমিটির সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সভায় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ, নগর কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু ও সুনীল সরকার, সম্পাদকমণ্ডলীর সদস্য এমএ রশিদ, মশিউর রহমান চৌধুরী, চন্দন ধর, ইফতেখার সাইমুল চৌধুরী, নোমান আল মাহমুদ ও চৌধুরী হাসান মাহমুদ হাসনীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চসিক নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বর্তমান সিটি মেয়র আ জ ম নাছিরের নাম আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উক্ত দুজনের নামেই মেয়র প্রার্থী হিসেবে পাল্টপাল্টি বক্তব্য ও বিবাদে জড়িয়ে পড়ছেন এই দুই নেতার অনুসারীরা। 

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন