৩০ মার্চ ২০২৬

বাফুফের সভাপতি পদে লড়বেন রুহুল আমিন

বাংলাধারা প্রতিবেদন »

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চলমান কমিটি ব্যর্থ মন্তব্য করে আগামী নির্বাচনে বাফুফের সভাপতি পদে নির্বাচনে লড়ার কথা জানালেন তরফদার মো. রুহুল আমিন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) নগরীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং বাংলাদেশ ফুটবল ক্লাবস অ্যাসোসিয়েশনের সভাপতি তরফদার মো. রুহুল আমিন বলেন, বাফুফের বর্তমান কমিটি অনেকদিন ধরে ক্ষমতায়। কিন্তু এতদিনেও তারা একটা শক্তিশালী ফুটবল কাঠামো তৈরি করতে পারিনি। জাতীয় দলের পাইপলাইন শক্ত থাকলে এসএ গেমসে, বঙ্গবন্ধু গোল্ডকাপে দল বাজে ফল করতো না। আপনার হাতে বিকল্প খেলোয়াড়, সাইড বেঞ্চে অতিরিক্ত রিসোর্স থাকলে নিশ্চয় আপনি ক্লান্ত-পরিশ্রান্ত খেলোয়াড়দের মাঠে নামাতেন না।

কার্যনির্বাহী সভায় কি আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে মো. রুহুল আমিন বলেন, কার্যনির্বাহী কমিটির প্রায় ৪০ জন সদস্য এখানে যোগ দিয়েছেন বিভিন্ন জেলা ও বিভিন্ন বিভাগ থেকে। সভায় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

বর্তমান কমিটির ব্যর্থতার পরিসংখ্যান উল্লেখ করে রুহুল আমিন বলেন, ‘অনেকদিন ধরেই জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সাফল্যহীন দেশের ফুটবল। এসএ গেমসে অনেকদিন ধরেই সাফল্যহীন দেশের ফুটবল। সবশেষ নেপালে অনুষ্ঠিত এসএ গেমসেও ব্যর্থতার সেই ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে দল। নেপাল, ভুটানের মতো দলের বিপক্ষে আমরা জিততে পারিনি। এমন ব্যর্থতার পরও সেটা নিয়ে পোস্টমর্টেম হয়নি। কেন এমন ব্যর্থতা তা নিয়ে মোটেও মাথা নেই বাফুফের। থাকলে এসএ গেমসে কেন খারাপ করলো দল, সেটার একটা তদন্ত কমিটি গঠন করত বাফুফে। তা না করে তড়িঘড়ি করে বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজন করেছে। সেখানেও সাফল্য পায়নি। প্যালেস্টাইন খেলতে এসেছে। তারা ভালো দল। কিন্তু কি মানের দল এসেছে আপনারা দেখেছেন। প্যালেস্টাইনে জাতীয় দলের খেলোয়াড় ছিল মাত্র ৫-৬ জন। আফ্রিকা থেকে বুরুন্ডি খেলতে এসেছে। তারাও ভালো দল। তবে যে দলটি খেলেছে সেই দলের অধিকাংশ খেলোয়াড় অনুর্ধ্ব-১৭ দলের ফুটবলার। তারপরও ভালো বলতাম যদি গোল্ডকাপে আমরা প্যালেস্টাইন কিংবা বুরুন্ডিকে হারাতে পারতাম। কিন্তু সেটা করতে পারেনি।’

গত বার বছর ফুটবলের কোন উন্নতি হয়নি ক্ষতি হয়েছে জানিয়ে রুহুল আমিন বলেন, ফিফা র‌্যাংকিয়ে ২১১ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৮৭ তম।

নির্বাচিত হলে বাংলাদেশের ফুটবলের শক্ত ফাউন্ডেশন তৈরির লক্ষ্যে কাজ করবেন বলে জানান রুহুল আমিন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন