বাংলাধারা ডেস্ক »
আন্দোলনের নামে বিএনপি সহিংসতা করলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। খালেদা জিয়ার মামলা রাজনৈতিক নয়-জানিয়ে তিনি বলেন, এই মামলা সরকার করেনি।
রোববার (৯ ফেব্রুয়ারি)নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর, মেঘনা ও গোমতি দ্বিতীয় সেতু নির্মাণ ও পুরনো তিনটি সেতুর পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
সে সময় তিনি আরও বলেন, বিএনপি নেত্রীর মামলাগুলো রাজনৈতিক নয়। তার এই মামলা সরকার করেনি। তার মামলা তত্ত্বাবধায়ক সরকারের আমলের। তাকে রাজনৈতিকভাবে মুক্ত করার সুযোগ নেই। খালেদা জিয়াকে কারামুক্ত করা আদালতের ব্যাপার। আন্দোলনের নামে জ্বালাও পোড়াও সমুচিত হবে না।আওয়ামী লীগ গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।
আর এই মামলা বিলম্বের জন্য বিএনপিকে দায়ী করে ওবায়দুল কাদের বলেন, তারা সময়মতো আদালতে হাজিরা দিলে এই মামলা অনেক আগেই নিষ্পত্তি হয়ে যেতো। মামলা বিলম্বের জন্য তারা নিজেরাই দায়ী।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শনিবার রাজধানীতে গণফোরাম আয়োজিত সেমিনারে সরকারকে নিয়ে প্রবীণ রাজনীতিবিদ ড. কামাল হোসেনের উক্তিকে আপত্তিকর ও রাস্তার ভাষা। তিনি যে বক্তব্য দিয়েছেন, তা গণতান্ত্রিক ভাষা হতে পারে না। প্রতিপক্ষকে আক্রমণ করার রাজনীতির ভাষা আছে, গণতন্ত্রেরও ভাষা আছে। কিন্তু এর সীমা শনিবারের সমাবেশে ছাড়িয়ে গেছেন তারা। এতে বাংলাদেশের মানুষ ব্যথিত। ড. কামাল হোসেনের মতো ব্যক্তি কি করে এমন রাস্তার ভাষায় কথা বলেন? প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। ড. কামাল সীমা ছাড়িয়ে গেছেন বলে দাবি করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনার অংশ হিসেবে কাঁচপুর, মেঘনা ও গোমতি এই দ্বিতীয় তিনটি সেতু জাপানের সহায়তায় আধুনিক ও যুগোপযোগী করে চার লেনে নির্মাণ করা হয়েছে বলে জানান মন্ত্রী।
বাংলাধারা/এফএস/টিএম












