বাংলাধারা প্রতিবেদন »
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কেন্দ্রীয় কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত চিকিৎসা সহায়তার চেক চট্টগ্রামস্থ বিভিন্ন তৈরী পোশাক কারখানার অসুস্থ শ্রমিকের হাতে তুলে দেওয়া হয়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় নগরীর বিজিএমইএ’র আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব চেক হস্তান্তর করা হয়।
বিজিএমইএ’র সহ-সভাপতি এ. এম. চৌধুরী সেলিম অসুস্থ শ্রমিকদের মাঝে চেক হস্তান্তর করেন।
অসুস্থ শ্রমিকদের দ্রুত সুস্থতা কামনা করে জনাব এ.এম. চৌধুরী সেলিম বলেন, শ্রমিক-মালিক আমরা সবাই একই পরিবারের সদস্য। পরিবারের যে কোন সদস্যের অসুস্থতা আমাদেরকে ব্যথিত করে। তাদের সুস্থতা নিশ্চিত করতে প্রতিটি গার্মেন্টস কারখানায় সার্বক্ষণিক চিকিৎসক থাকেন। এ শ্রমিক ভাই-বোনেরা এই শিল্পের প্রাণ। শারীরিক ও মানসিক সুস্থতা প্রতিটি মানুষের জীবনে গুরুত্বপূর্ণ। বিশেষ করে শ্রমঘন শিল্পে এ’সুস্থতা অপরিহার্য্য।
তিনি বলেন, শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয়ের অধীনে গঠিত কেন্দ্রীয় কল্যাণ তহবিলটি বিজিএমইএ’র সদস্যবৃন্দের অনুদানেই গঠিত হয়েছে। প্রতিটি সদস্য প্রতিষ্ঠান বাধ্যতামূলক ভাবে প্রতিটি রপ্তানী চালানের বিপরীতে প্রাপ্ত অর্থের ০.০৩% এ’তহবিলে জমা করেন। তৈরী পোশাক শিল্পের বর্তমান ক্রান্তিকাল অতিক্রমনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিজিএমইএ’র পরিচালক অঞ্জন শেখর দাশ ও এনামূল আজিজ চৌধুরী।
অনুষ্ঠান পরিচালনা করেন, বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক এবং লেবার ও ফায়ার বিষয়ক স্থায়ী কমিটি, চট্টগ্রাম এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাইফ উল্লাহ্ মনসুর।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ’র পরিচালকবৃন্দ সর্বজনাব মোহাম্মদ মুসা, অঞ্জন শেখর দাশ ও এনামুল আজিজ চৌধুরী। এ’ছাড়াও বিজিএমইএ’র সদস্যবৃন্দ ওয়াদুদ মোহাম্মদ চৌধুরী, এম. ফজলে করিম, আবছার হোসেন সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দও উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম












