৮ নভেম্বর ২০২৬

বেতন বাড়ল প্রাথমিকের সহকারী শিক্ষকদের

বাংলাধারা ডেস্ক »  

সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বাড়ানো হয়েছে।এখন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পাবেন। এর আগে যেখানে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা ১৪তম গ্রেডে ও প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষরা ১৫তম গ্রেডে বেতন পেতেন।নতুন বেতন গ্রেডের ফলে শুরুতেই একজন সহকারী শিক্ষকের মূল বেতন হবে ১১ হাজার টাকা।

রোববার (৯ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মনোয়ারা ইশরাত সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বেতন বৃদ্ধির বিষয়ে অর্থ বিভাগ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়।

সহকারী শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করা হলেও প্রধান শিক্ষকদের বেতন গ্রেড আগের মতই রাখা হয়েছে। অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকরা একাদশ এবং প্রশিক্ষণবিহীনরা দ্বাদশ গ্রেডে বেতন পাবেন।

২০১৯ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ী সহকারী শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকের প্রধান শিক্ষকের ৬৫ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। আর ৩৫ শতাংশ পদে হবে সরাসরি নিয়োগ।তবে ওই ৬৫ শতাংশ পদে পদোন্নতিযোগ্য প্রার্থী পাওয়া না গেলে সরাসরি নিয়োগ দেয়া যাবে। সহকারী শিক্ষক পদে সাত বছরের অভিজ্ঞরা পদোন্নতির যোগ্য হবেন।

নতুন এই বেতন গ্রেড পেতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা । পরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের আশ্বাসে আন্দোলন বন্ধ করেন শিক্ষকরা । যাচাই-বাছাই শেষে রোববার বেতন বৃদ্ধির ঘোষণা আসে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ