১৪ মার্চ ২০২৬

সেবক হিসেবে একবার সেবা করার সুযোগ দিন : রেজাউল

বাংলাধা প্রতিবেদন »

‘আমি আপনাদের ভাই, বন্ধু হিসাবে আমাকে একবার সেবক হিসাবে যদি আপনাদের সেবা করার সুযোগ দেন, তাহলে সকলের মতামতের ভিক্তিতে একটি পরিকল্পিত আধুনিক চট্টগ্রাম গড়ে তুলবো।’

শনিবার (৭ মার্চ) সকালে নগরীর চান্দগাঁও থানার ওয়াছিয়া আহমাদিয়া সুন্নীয়া এতিমখানা ও মাদ্রাসার অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।

রেজাউল করিম চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর যে আস্থা রেখেছেন চট্টগ্রামের উন্নয়নে সুযোগ পেলে চট্টগ্রামের চলমান উন্নয়নের আরো বেগবান করবো। আল্লাহ আমাকে একটা সুযোগ এনে দিয়েছেন। আপনাদের সহযোগিতা পেলে আমি কামিয়াব হবো বলে আশা করি।

তিনি আরো বলেন, এক সময় চান্দগাঁও থানাসহ সব বৃহত্তর বাকলিয়া ছিল। এখন বিভক্ত হলেও আমরা সবাই বৃহত্তর বালকিয়ার সন্তান। একটি ঘরে পাঁচজন ভাই থাকলে যেমন পাঁচ মতাদর্শে থাকতে পারে, আমাদের বাকলিয়াতেও অনেক ভাই ভিন্ন মতাদর্শে থাকতে পারে। কিন্তু পাঁচ ভাই যেমন ঘরে এসে এক সাথে বসে, তেমনিভাবে আমি আপনাদের ভাই, বন্ধু হিসাবে আমাকে একবার সেবক হিসাবে আপনাদের সেবা করার সুযোগ দেন তাহলে সকলের মতামতের ভিক্তিতে একটি পরিকল্পিত আধুনিক চট্টগ্রাম গড়ে তুলবো।

রেজাউল করিম বলেন, মৃত্যুর পর কেউ কিছু নিয়ে যেতে পারব না, আমাদের সাথে যাবে আমাদের ভালো কাজ। এ মাদ্রাসায় এতিম যেসব শিক্ষার্থী আছে, তাদের এলাকাবাসীকে দেখতে হবে। এদের কারো মা নেই, কারো বাবা নাই। এদের পাশে দাড়ালে সেটা হবে ছদকায়ে জারিয়া। এ কাজগুলো মৃত্যুর পর আমাদের সাথে যাবে।

মাদ্রাসার অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহের সভাপতিত্বে উপাধ্যক্ষ কাজী মফিজুর রহমানের সঞ্চালনায় অতিথি ছিলেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম, শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ মাসুম চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম শামসুল আলম, মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি হাছান লিটন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির আবদুর রশিদ ডিলার, মুসা সওদাগর, আবুল বশর সওদাগর, বদরুল আলম, আবু তাহের, শিক্ষক আবু তৈয়ব, রেজাউল করিম, আমিরুল ইসলাম, মুনিরুল হাসান, ইফফাৎ জাহান, চেমন আরা বেগম,আবদুল করিম, আবুল হোসাইন, নজরুল ইসলাম, হাসান ইমাম, আবদুল বারী, হাফেজ নুরুল আলম, মুহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ