বাংলাধারা প্রতিবেদন »
মাশরাফি বিন মোর্ত্তজা সন্দেহাতীতভাবে বাংলাদেশের ক্রিকেটে সেরা ওয়ানডে অধিনায়ক। ২০১৪ সালে সীমিত ওভারের ক্রিকেটে তিনি দায়িত্ব নেওয়ার পর পুরো দলের চেহারাই বদলে দিয়েছিলেন। সবার প্রেরণা হয়ে মাঠের লড়াকুর বেশে ছিলেন মাশরাফি।
তবে অধিনায়ক হিসেবে নিজেকে মূল্যায়ন করতে গিয়ে মাশরাফি বললেন, আমি নিজেকে অ্যাভারেজ অধিনায়ক মনে করি।
শুক্রবার পোস্ট ম্যাচ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার নিজের সম্পর্কে আমি ওভাবে মূল্যায়ন করিনি কখনো। যদি এক কথায় বলতে হয়, তাহলে অ্যাভারেজ ছাড়া আর কিছু বলার নাই। কখনো আমি অধিনায়কত্বকে আমার জীবনে আলাদাকরে দেখিনি।’
মাশরাফি যোগ করেন, ‘অধিনায়কত্ব বিষয়টি হচ্ছে, যা কিছু ৫০টা জয়। এর জন্য শুকরিয়া উপরওলার কাছে। এটা ছাড়া সম্ভব হতো না।’
শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে শেষ বারের মতো অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন মাশরাফি। ম্যাচটা বৃষ্টি আইনে ১২৩ রানের বড় ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ।
এই জয়ে অধিনায়ক হিসেবে ৫০তম ওয়ানডে জয়ের মাইলফলক ছুঁয়েছেন মাশরাফি।
বাংলাধারা/এফএস/টিএম/ইরা












