বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে অবশেষে সরে দাঁড়াচ্ছেন কাউন্সিলর পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা।
আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) ক্ষমতাসীন আওয়ামী লীগের অধিকাংশ বিদ্রোহীরা একযোগে মনোনয়ন প্রত্যাহার করতে পারেন বলে নগর আওয়ামী লীগের এক জরুরি বৈঠক উপস্থিত নেতাদের সূত্রে জানা গেছে। অন্যথায় ইতোমধ্যে করা বিদ্রোহী প্রার্থীর তালিকাভুক্তদের কাছে চিঠি পাঠানো হবে।
মঙ্গলবার (১৭ মার্চ) চসিক নির্বাচনে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী কার্যালয়ে নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির নেতাদের রুদ্ধদ্বার জরুরি বৈঠকে অধিকাংশ বিদ্রোহী মনোনয়ন প্রত্যাহার করতে রাজি হয়েছেন বলে জানা যায়।
গতকাল জরুরি বৈঠকে নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন’ অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, যুগ্ম সম্পাদক এম এ রশিদ, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, আইন সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা যায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে কাউন্সিলর পদে যারা আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন তাদেরকে নিয়েই বার বার বৈঠক করে সমাধানে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এতে বেশ সফলতাও এসেছে। অধিকাংশ বিদ্রোহী মনোনয়ন প্রত্যাহার করতে রাজি হয়েছেন। ইতোমধ্যেই তারা প্রচারণাও বন্ধ করে দিয়েছেন।
সূত্রে আরও জানা যায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি আগামীকাল বৃহস্পতিবার বিদ্রোহী কাউন্সিলর পদপ্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের তালিকা তৈরি করে প্রকাশ করতে পারে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












