৩০ মার্চ ২০২৬

করোনায় আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হতে হবে : ডিসি মামুন

বাংলাধারা প্রতিবেদন »  

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। দেশেও আতংক বেড়েছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪ জন। মারা গেছেন একজন। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পার্বত্য জেলা রাঙামাটিতে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে আজ সাপ্তাহিক হাটেরদিন বাজারে আসা তৃণমুল পর্যায়ের জনসাধারনের মাঝে বিনামূল্যে মাক্স ও সচেতনতামূলক তথ্যাবলির লিফলেট বিতরণ করেছেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। এ সময় আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।

বুধবার (১৮ মার্চ) বেলা ১১ টার সময় রাঙামাটির বনরূপা বাজারে পাহাড়ী বাঙালি সমাগমস্থলে সচেতনতা বাড়ানোর জন্য এই লিফলেট বিতরণ করছেন বলে জানিয়েছেন ডিসি।

রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বাংলাধারাকে জানান, প্রথমত আমি রাঙামাটিবাসীর প্রতি অনুরোধ করব আপনারা সবাই যার যার জায়গা থেকে সচেতন হোন। এখানে আতঙ্কিত হবার কিছু নেই।এটা এক ধরনের ভাইরাস। এই ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য আমাদের নিয়মিত হাত ধোয়ার পাশাপাশি পরিচ্ছন্ন থাকতে হবে এবং জনসমাবেশ স্থান এড়িয়ে চলতে হবে। যেহেতু রাঙামাটি একটি পর্যটনকেন্দ্র, ঘুরাঘুরির জায়গা গুলো এড়িয়ে চলতে হবে।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আমি সকল অভিভাবকদের অনুরোধ করব আপনারা আপনাদের সন্তানদেরকে বিনাকারণে বাসার বাইরে যেতে দিবেন না।

ডিসি বলেন, আমাদের আত্মীয়ের মধ্যে অনেকেই দেশের বাইরে থাকে। যে কেউ দেশের বাইরে থেকে আসলে তার ঠিকানা আমাদেরকে দেবেন। স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের জরুরি স্বাস্থ্য কমপ্লেক্স গঠন করা হয়েছে। আমাদের ডাক্তারগণ তাদের বাসায় যাবেন। দেশের বাইরে থেকে যারা আসবেন তাদেরকে অন্তত ১৪ দিন বাসায় অবস্থান করার জন্য অনুরোধ করছি।

তিনি আরো বলেন, ইতোমধ্যে আমরা ৬ জনকে হোম কোয়ারান্টাইনে রেখেছি। এখনও বিদেশ থেকে লোকজন ফেরত আসছেন। কেউ বিদেশ থেকে এসে হোম কোয়ারান্টাইনে না থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন