বাংলাধারা প্রতিবেদন »
মহামারি করোনা পরিস্থিতে কর্মরত গণমাধ্যমকর্মীদের খবর কেউ নিচ্ছে না। তাদের মধ্যে চলছে চরম হাহাকার। এখনই অনেকের পরিবার নিয়ে চলা দায় হয়ে পড়েছে। তাদের নিয়ে ভাবারও কেউ নেই মনে হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম-মহাসচিব মহসীন কাজী।
রোববার (১২ এপ্রিল) সকালে তাঁর ফেসবুক একাউন্টে ‘মহামারিতে গণমাধ্যমকর্মীদের হাহাকার’ শিরোনামে লেখা এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি।
এ সাংবাদিক নেতা বলেন, মহামারির এই ক্রান্তিকালে সবচেয়ে কষ্টে আছেন বেশির ভাগ সাংবাদিকসহ গণমাধ্যমকর্মী। তাদের অবস্থা এমন, তারা নিচেও যেমন নামতে পারছেন না, উপরে উঠার রাস্তাই নেই তাদের। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত শ্রেণির এই পেশাজীবীদের সিংহভাগই নিজের প্রতিষ্ঠান দ্বারা নিষ্পেষিত।

এই মহামারি পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের দূরাবস্থার কথা উল্লেখ করে মহসীন কাজী বলেন, অনেক গণমাধ্যমেই টানা বেতন-ভাতা বকেয়া। চলমান মহামারিতেও মালিক পক্ষের মন গলেনি। খোঁজ-খবরও নিচ্ছে না। বকেয়া বেতন-ভাতায় কর্মরত গণমাধ্যমকর্মীদের খবর কেউ নিচ্ছে না। তাদের মধ্যে চলছে চরম হাহাকার। এখনই অনেকের পরিবার নিয়ে চলা দায় হয়ে পড়েছে। তাদের নিয়ে ভাবারও কেউ নেই মনে হয়।
তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে লিখেন, কেউ দাবি নিয়ে আওয়াজ তুললে দায়িত্বশীলরা দাবি বা আহবান জানিয়েই যেন দায়িত্ব শেষ করছেন। যা আইওয়াশ বলেই মনে হয়। তাই আসুন আওয়াজ তুলি। তাদের বাধ্য করি, বকেয়া পরিশোধে। নইলে অনাহারির কাতারে যাবেন ভুক্তভোগী গণমাধ্যম কর্মীরা।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












