বাংলাধারা ডেস্ক »
বাংলার চিরায়ত উৎসব চৈত্র সংক্রান্তি আজ সোমবার (১৩ এপ্রিল)।
চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি। আবার এদিন বাংলা বর্ষেরও শেষ দিন।
আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ-নতুন বাংলা বর্ষ ১৪২৭। জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে এই আহ্বান জানাবে বাঙালি।
আবহমান বাংলার চিরায়িত নানা ঐতিহ্যকে ধারণ করে আসছে এই চৈত্র সংক্রান্তি। বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতিবছর চৈত্র সংক্রান্তিকে ঘিরে থাকে নানা অনুষ্ঠান-উৎসবের আয়োজন।
কথিত আছে চৈত্র সংক্রান্তিকে অনুসরণ করেই পহেলা বৈশাখ উদযাপনের এত আয়োজন। তাই চৈত্র সংক্রান্তি হচ্ছে বাঙালির আরেক বড় উৎসব।
এবার করোনাভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে পয়লা বৈশাখসহ সব ধরনের সমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
সারাদেশে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে এই ছুটি। এই অবস্থায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে কোন আনুষ্ঠানিকতা থাকছে না এবার।
তবুও মঙ্গলবার সকালে ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। যে স্বপ্ন, করোনাভাইরাস মুক্ত নতুন বিশ্ব– নতুন বালাদেশ।
বাংলাদেশসহ বিশ্বের বাঙালি করোনা মহামারি থেকে সহসা মুক্তির প্রত্যাশা নিয়েই সোমবার পুরনো বছরকে বিদায় আর পরের দিন নতুনবছরকে বরণ করে নেবে তেমন কোনও আনুষ্ঠানিকতা ছাড়াই।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












