কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেল থেকে তুরস্কের এক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের ফিল্ড হসপিটালে আইটি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। রোববার সন্ধ্যা রাতে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান।
মারা যাওয়া তুরস্কের নাগরিক মিসিউত ডুলান দে (৫০)’র মরদেহ দক্ষিণ কলাতলীর ’স্যুইট সাদাফ’ হোটেলের ৭০২ নম্বর কক্ষে পাওয়া যায়। তার পাসপোর্ট নাম্বার-এস-২০৭৪০৯০৯। সেখানে তার পিতার নাম উল্লেখ রয়েছে ওমের।
ওসি জানান, রুম থেকে বের হচ্ছিল না দেখে তার বিষয়ে হোটেল থেকে থানায় ফোন করা হলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে রাত ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। প্রাথমিকভাবে ব্রেইন স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে, পরবর্তী ব্যবস্থা শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
এদিকে, মরদেহের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে জানিয়ে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, তাকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। কি কারণে তিনি মারা গেছেন তা এখনো নিশ্চিত নয়। তবে, ধারণা করা হচ্ছে স্ট্রোক জনিত কারণে তিনি মৃত্যুবরণ করে থাকতে পারেন। মর্গের পাশে একটি শীতাতপ নিয়ন্ত্রিত এ্যাম্বুলেন্সে তাকে রাখা হয়েছে। পরীক্ষার পর সংশ্লিষ্টদের মরদেহটি হস্তান্তর করা হবে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুদ্দোজা নয়ন বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি, ওই বিদেশি ৯ নাম্বার ক্যাম্পের তুরস্ক পরিচালিত ফিল্ড হসপিটাল এ কর্মরত ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












