বাংলাধারা ডেস্ক »
আজ সোমবার থেকে ইরানের ১৩২টি শহরের মসজিদসহ অন্যান্য ধর্মীয় স্থাপনা খুলে দেয়া হচ্ছে। দেশটিতে করোনা মহামারির প্রকোপ কমে আসায়েএই সিদ্ধান্ত নিয়েছে তেহরান সরকার।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ভিত্তিতে সারা দেশকে সাদা, হলুদ ও লাল এই তিন ভাগে বিভক্ত করেছে। আজ খুলছে সাদা অঞ্চলের ধর্মীয় স্থাপনাগুলো।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি রোববার করেনাভাইরাস মোকাবিলায় গঠিত জাতীয় টাস্কফোর্সের এক বৈঠকে বলেন, ‘সাদা ও কম ঝুঁকিপূর্ণ হিসেবে যে ১৩২টি শহরকে চিহ্নিত করা হয়েছে সেগুলোর মসজিদগুলো আগামীকাল থেকে খুলে দেয়া হবে।’
মসজিদগুলোকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, এসব শহরে চলতি সপ্তাহ থেকেই জুমার নামাজও আবার শুরু করা হবে। তবে হলুদ ও লাল চিহ্নিত এলাকা ও শহরগুলোর মসজিদ আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রুহানি।
ইরানে মার্চ মাসে করোনাভাইরাসের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দেয়ার পর কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা জারি করা হয়। অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ছাড়া অন্য সব দোকান ও শপিং মল বন্ধ করে দেয়া হয়। আন্তঃনগর পরিবহন ব্যবস্থাও বন্ধ করে দেয়া হয়েছিল।
তবে চলতি সপ্তাহ থেকে শহরগুলোর মধ্যে সফরের ওপর কড়াকড়ি শিথিল করা হয়েছে এবং শপিং মলগুলো খুলে দেয়া হয়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমার প্রবণতা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে।
এদিকে ইরানে রোববার গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে মারা গেছেন ৪৭ জন। টানা ৫৫ দিন পর দেশটিতে এটাই একদিনে মৃত্যুর সর্বনিম্ন সংখ্যা। এছাড়া রোববার সেখানে আক্রান্ত হয়েছেন প্রায় এক হাজার (৯৭৬ জন) মানুষ। এ অবস্থায় ১৩২ শহরের মসজিদ খোলার মতো বেপরোয়া সিদ্ধান্ত নিল তেহরান।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যানে জানা যায় ইরানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৯৭ হাজার ৪২৪ জন এবং মারা গেছেন আরও ৬ হাজারের বেশি মানুষ। সূত্র: পার্স টুডে
বাংলাধারা/এফএস/টিএম/এএ












