বাংলাধারা প্রতিবেদন »
বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন রাইফেলস ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে অপ্রীতিকর ছবি ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা(উত্তর) বিভাগ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০ টায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক মো: হাসান ইমাম।
জানা গেছে, গ্রেফতারকৃত ওই যুবকের নাম মোঃ শওকত হোসাইন (২৬)।
সিএমপির অতিঃ উপ-পুলিশ কমিশনার আসিফ মহিউদ্দীন জানান, গ্রেফতার মোঃ শওকত হোসাইন বিবাহ পূর্ববর্তী প্রেমের সম্পর্কের জের ধরে বাদীর স্ত্রী আফসানা আক্তার লাকীর বিভিন্ন অপ্রীতিকর ছবি ধারণ করে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এরূপ অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের ৪নং টীম চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন রাইফেলস ক্লাব সংলগ্ন এলাকা থেকে মোঃ শওকত হোসাইন (২৬)কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে শওকত ঘটনার সত্যতা স্বীকার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নগরীর খুলশী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম












